কোর্টে নামলেই খেলার পাশাপাশি ফ্যাশন দিয়েও চমকে দেন নাওমি ওসাকা। মঙ্গলবার রাতে নিউইয়র্কের লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে গ্রিট মিনেনের বিপক্ষে ম্যাচে নামার সময়ও ছিলেন অন্য রকম। পুরো লাল সাজে ঝলমল করছিলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। ছোট ক্রপড জ্যাকেটটিতে স্ফটিকের ঝিলিক, সঙ্গে বাবল-হেম স্কার্ট আর কাস্টম লাল নাইকি স্নিকার্স। কোর্টে প্রবেশের সময় কানে ঝলমলে হেডফোন যেন সাজে যোগ করল বাড়তি মাত্রা।
নাওমি ওসাকা মূলত একজন বিশ্ববিখ্যাত জাপানি টেনিস খেলোয়াড়। খুব অল্প বয়সেই তিনি টেনিস দুনিয়ায় নিজের জায়গা করে নেন। এখনো পর্যন্ত বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রীড়াবিদ হিসেবে পরিচিত।
গোলাপ, সাজে পূর্ণতা
সেদিনের সবচেয়ে আলোচিত অংশ ছিল তাঁর হেয়ারস্টাইল। চুলে গোলাপের অলঙ্কার, যা আলোতে ঝলমল করছিল। সাজটিকে নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে এই ফুলেল ছোঁয়া।
লাবুবুর ঝকমকে আবির্ভাব
শুধু সাজ নয়, সঙ্গে এনেছিলেন প্রিয় লাবুবুকেও। এই মৌসুমের সবচেয়ে হট অ্যাকসেসরিজ লাবুবুকে তিনি সাজিয়েছিলেন ঝলমলে ক্রিস্টালে। ম্যাচ শেষে ব্যাগ থেকে বের করে দর্শকদের দেখালেন পুতুলটি। হেসে বললেন, ‘এটা আমার লাবুবু। ওর নাম বিলি জিন ব্লিং। বিলি জিন কিং নয়।’
আগেই পরিকল্পনা করা পোশাক
ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ওসাকা জানালেন, ‘এই সাজ বানানোর পরিকল্পনা হয়েছিল অনেক আগেই। আসলে গত বছরই আমরা এটা ট্রাই করেছিলাম। ক্রিস্টাল বসানো সত্যিই কঠিন ছিল। কিন্তু ভেবেছিলাম নিউইয়র্কের আলোতে বেশ মানাবে। ভালো লাগছে প্রথম ম্যাচটাই রাতের ছিল, তাই সাজটা ঠিক মতো ফুটে উঠেছে।’
ফ্যাশনে ফুলের গল্প
গত বছর ইউএস ওপেনে ‘ললিতা ফ্যাশন’-এ নজর কেড়েছিলেন নাওমি। তবে ২০২৫ সালের শুরু থেকে তাঁর সাজে চলছে ফুলের রাজত্ব। অস্ট্রেলিয়ান ওপেনে সূর্যমুখী, ফ্রেঞ্চ ওপেনে সাকুরা, ফুলের রঙে মাখা প্রতিটি পোশাক। রোলাঁ গারোঁতে তিনি নিজেই বলেন, ‘পুরো বছর জুড়েই আমরা ফুলের গল্পটা রাখতে চাই। সাকুরা-থিমড জুতা ছিল বসন্তের সঙ্গে মানানসই। ঠিক সময়েই এসেছিল।’