শীত মানেই যেন বিয়ে মৌসুম। অবশ্য এটাকে ফ্যাশনের ঋতুও বলা যায়। রঙ, আভিজাত্য আর উষ্ণতার দারুণ মেলবন্ধন দেখা যায় শীতে। এই সময়টাতে ফ্যাশন আর পোশাকে আসে অনেক পরিবর্তন। ঠিক সেই ভাবনাকেই জীবন্ত করে তুলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। সম্প্রতি তিনি পরেছেন ডিজাইনার সুরীনা চৌধুরীর ‘পিকক ব্লু ভেলভেট ড্রেপ শরারা সেট’। পোশাকটি দেখে মনে হতেই পারে, এটাই শীতের বিয়ের নিমন্ত্রণের জন্য ঠিকঠাক।
ভেলভেটের মিলবে রাজকীয় ছোঁয়া
শীতের ফ্যাশনে ভেলভেট মানেই বিলাসিতা, সেই সাতে মিলবে উষ্ণতাও। নরম এই কাপড়ের স্বাভাবিক উজ্জ্বলতা রঙে আনে বাড়তি আবেদন, আর সাজে আনে গাম্ভীর্য। শ্রীলীলার এই পোশাকটির দাম প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এতেই ধরা পড়েছে আধুনিক ভারতীয় গ্ল্যামারের আসল সৌন্দর্য। গাঢ় ‘পিকক ব্লু’ বা ময়ূরনীল রঙটি মোমবাতির আলোয় যেন আরও ঝলমলে হয়ে ওঠে। সন্ধ্যার যেকোনো পার্টি বা রিসেপশনের আয়োজনে এটি হতে পারে একেবারে নিখুঁত বেছে নেওয়া পোশাক।
শরারার আধুনিক উপস্থাপনা
এই সাজের বিশেষত্ব রয়েছে দোপাট্টা পরার ধরনে। শ্রীলীলা দোপাট্টাটি জড়িয়েছেন একেবারে শাড়ির আঁচলের মতো করে। যা তৈরি করেছে ‘প্যান্ট শাড়ি’ ধরনের এক অভিনব লুক। প্রি-ড্রেপড শরারা সেটটি দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। অথচ বাড়তি লেয়ার বা জটিলতার ঝামেলা ছাড়াই। দোপাট্টার কিনারায় রয়েছে সূক্ষ্ম সোনালি সূচিকর্ম।
গয়না ও সাজের পরিমিত সৌন্দর্য
শ্রীলীলা তার সাজ সম্পূর্ণ করেছেন বড় চান্দবালি কানের দুল ও একটি স্টেটমেন্ট রিং দিয়ে। চুলে রাখা হয়েছে হালকা ব্লো-ড্রাই এবং মেকআপে নিরপেক্ষ টোন। এতে পুরো লুকটি ঝলমলে রূপে ফুটে উঠেছে। শীতের বিয়েতে এই সাজ দারুণ মানিয়ে যাবে।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
শ্রীলীলাকে আগেও দেখা গেছে ভার্গবি কুনামের ডিজাইন করা কানজিভরম হাফ শাড়িতে। ভারী সূচিকর্ম করা ব্লাউজ, সোনালি-রুপালি জরির নকশা করা স্কার্ট এবং জর্জেট দোপাট্টা। সব মিলিয়ে এক রাজকীয় উপস্থিতি। কোমরে পাথর বসানো কমরবন্ধ আরও উজ্জ্বল করে তুলেছিল তার সাজ।
শ্রীলীলার নতুন এই ময়ূরনীল ভেলভেট লুক যেন শীতের ফ্যাশনে এনে দিয়েছে নতুন দিকনির্দেশনা। এখানে আছে ঐতিহ্যের সৌন্দর্য, আধুনিকতার ছোঁয়া আর সেই অপরিহার্য উষ্ণতা। যা এই মৌসুমের প্রতিটি বিয়ের পোশাককে করে তুলতে পারে আরও বিশেষ।