আম্বানির বিয়েতে দেওয়া ‘বাঘের দুধে’র শরবত আসলে কী?

টাকায় নাকি বাঘের দুধও মেলে, প্রচলিত এই কথায় আজ সত্যি হয়ে ধরা দিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে বিয়েতে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়, রাজনীতিবিদ, হলিউড-বলিউডের তারকা ও ধনকুবের যে বিয়ের অতিথি, সেখানকার খাবারের আয়োজন তো চমকপ্রদ হবে তা বলার অপেক্ষা রাখে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার দিনব্যাপী তারকাখচিত বিয়েতে প্রায় ২৫০০ খাবারের আইটেমের আয়োজন ছিল।  শিঙাড়া, দইবড়া, টমেটো চাট, পালং চাট, মিক্সড চাট, দই পুরি, চূঁড়া মটর, পাপড়ি চাট এবং চানা কচুরি থেকে শুরু করে ছিল বাঙালির প্রিয় মুখরোচক ফুচকাও।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বারাণসীর এক বিখ্যাত চাটের দোকান থেকে নাকি সমস্ত মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল। সেই দোকানের মালিক রাকেশ কেশরী জানান, ‘জুন মাসে মুকেশ-পত্নী নীতা আম্বানি তাঁর দোকানে খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে তিনি এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে, অনন্তের বিয়ের জন্যও অর্ডার দিয়ে দেন।’

এছাড়াও মিষ্টিমুখের জন্য ছিল বারাণসীর দোকানের বিখ্যাত গুলাব জামুন এবং কুলফি ফালুদা। ছিল তিরামিসুও; তার উপর সাজানো ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের এগ ক্যাভিয়ার।

চার দিনব্যাপী তারকাখচিত বিয়েতে প্রায় ২৫০০ আইটেমের আয়োজন ছিল। ছবি: মিড ডেহিন্দুস্তান টাইমস জানায়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ বিয়েতে অংশ নেওয়া অতিথিদের মুগ্ধ করতে মুম্বাইয়ে নিয়ে আসা হয় পেরুর খ্যাতিমান শেফ ভার্জিলিও মার্টিনেজকে। মার্টিনেজ গুজরাটি বিয়ের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ মেনু তৈরি করেছিলেন। যার মধ্যে ছিল ক্যাশিউ রোল, মাউন্টেন চিমিচুরি, ফ্রেশ চিজ, এক্সট্রিম অলটিচিউড সিডস, স্মোকড টমেটো এবং অ্যামাজোনিয়ান কাসাভা টেক্সচার এবং কোকোনাট মিল্কের মতো খাবার।  

মার্টিনেজের রান্না করা পদগুলোর একটি মেনু কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মজার প্রতিক্রিয়া জানান অনেকেই। একজন মন্তব্য করেন, ‘এসব ভালো, তবে ৫০ শতাংশ খাবারের অর্থ কী তা আমি বুঝতে পারছি না!’ 

তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ‘পিসটাশিও টাইগারস মিল্ক’ বা ‘বাঘের দুধের পেস্তাবাদাম শরবত’ নিয়ে। তবে তার জন্য বাঘের দুধের প্রয়োজন নেই। আর যেতেও হবে না আম্বানিদের বিয়েতে! সহজ ডেজার্ট আইটেমটি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। দেখে নিন রেসিপি।

বাঘের দুধের এই শরবত বানাতে পারেন বাড়িতেই। ছবি: ফ্রিপিকউপকরণ: পেস্তা বাদাম কুচি ১০ গ্রাম, নারকেল দুধ ১০০ মিলি, দারচিনি ১/৬ টেবিল চামচ, চিনি আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ এবং পরিবেশনের জন্য বরফ কুচি।

প্রণালী: ব্লেন্ডার বা ফুড প্রসেসরে পেস্তা বাদাম কুচি নিয়ে ময়দার মতো মিহি গুঁড়া করে নিন। যে গ্লাসটিতে পরিবেশন করবেন, তার মুখটা পেস্তার গুঁড়া দিয়ে সাজিয়ে নিন। এরপর একে একে তাতে নারকেলের দুধ, পেস্তা কুচি, দারচিনি, চিনি এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। সবশেষে ওপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

যেহেতু ভারতে অ্যালকোহল বৈধ, তাই রেসিপিতে আরও রয়েছে ১ টেবিল চামচ মালিবু ক্যারিবিয়ান রাম, আইরিশ হুইস্কি এবং পিসটাশিও হোয়াইট চকলেট ও রাম আইসক্রিমের কথা উল্লেখ আছে। এই উপকরণগুলো বাদ দিলেও মন্দ লাগবে না, বাঘের দুধের পেস্তাবাদামের এই শরবত।