মাংস দিয়ে তো সব সময়ই পোলাও খাওয়া হয়। এবার বানাতে পারেন সবজির পোলাও। বাজার সয়লাব শীতের সবজিতে। রঙবেরঙের সবজি দিয়ে বানিয়ে নিন পুষ্টিকর এই পোলাও। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ শাহানা পারভীন।
উপকরণ: পোলাও চাল ১ কাপ, ফুলকপি ১ কাপ, বরবটি ১ কাপ, গাজর ২ কাপ, আলু ১ কাপ, ডিম ২টা, পেঁয়াজ কুচি ১ কাপ (বেরেস্তার জন্য), সবজি মসলা ৩ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, কাজুবাদাম ও কিশমিশ ১ মুঠ, ধনেপাতা কুচি ১ মুঠ, কাঁচামরিচ ৪টি, লবণ স্বাদমতো, সরিষার তেল প্রয়োজনমতো
প্রণালী: প্রথমে হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে নিবেন। তারপর সেই তেলেই পেঁয়াজ বেরেস্তা ভেজে নিবেন। বেরেস্তার তেলেই আলুগুলো অল্প হলুদ দিয়ে ভেজে নেবেন। আলুতে রং ধরলে তাতে একে একে বাকি সব সবজি দিয়ে কিছু সময় তেলে ভাজবেন।
তারপর সবজির মসলা দিয়ে কষিয়ে নেবেন। কষানো হলে পানি দিবেন সবজি সেদ্ধ হওয়ার জন্য। এসময় লবণটা চেখে দেখে প্রয়োজনমতো লবণ দিয়ে দিবেন।
সবজি আধা সেদ্ধ হলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিবেন। সাথে যোগ করবেন বিরিয়ানির মসলা। চাল ও সবজি একসাথে ভালো করে নেড়ে নিয়ে তাতে পানি দেবেন ও প্রয়োজন মনে করলে লবণ দিতে পারেন।
পোলাও যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবেন ফেটানো ডিম। আর তার মিনিট দুয়েক পরে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, কাজু-কিশমিশ ভাজা, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ।
এরপর ৫-৮ মিনিট মৃদু আঁচে রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।