ওভেন ছাড়াই বানাতে পারেন স্মোকি চিকেন লাজানিয়া

ওভেন ছাড়াও ঘরেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো মজাদার লাজানিয়া। ঈদের ছুটিতে যদি বাড়িতে বসে মজার কিছু খেতে চান, তবে বানাতে পারেন স্মোকি চিকেন লাজানিয়া। চিজ, ধোঁয়া-ওঠা চিকেন আর লেয়ার করা সস, সব মিলিয়ে এই খাবার একবার খেলেই মুখে লেগে থাকবে। রইল রেসিপি।

চিকেন ম্যারিনেট ও রান্না

যা যা লাগবে

  • চিকেন ফিলে ৩৫০ গ্রাম
  • চিকেন টিক্কা মসলা ৩ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা আধা টেবিল চামচ
  • লেবুর রস ৩ ও ১/২ টেবিল চামচ
  • তেল ২-৩ টেবিল চামচ
  • কয়লার ধোঁয়ার জন্য এক টুকরো কয়লা

যেভাবে বানাবেন

একটা বাটিতে টিক্কা মসলা, আদা-রসুন বাটা আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাতে চিকেন ফিলে মেখে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার গ্রিল প্যানে তেল গরম করে চিকেন দিয়ে মাঝারি আঁচে দুই দিক ৬–৮ মিনিট করে গ্রিল করে নিন। চুলা বন্ধ করে কয়লার ধোঁয়া দিন ২ মিনিট। ঠান্ডা হলে চিকেন ছোট করে কেটে রাখুন।

ওভেন ছাড়াও বানাতে পারেন মজার এই লাজানিয়া। ছবি: ইনডিপেনডেন্ট

রেড সস বানানো

যা যা লাগবে

  • পেঁয়াজ কুচি ২টি
  • রসুন কুচি ১ ও ১/২ টেবিল চামচ
  • টমেটো পিউরি ১ ও ১/২ কাপ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • লবণ ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ
  • মরিচ বাটা ১ চা-চামচ
  • চিকেন পাউডার ১ চা-চামচ (ঐচ্ছিক)
  • শুকনো ওরেগানো ১ ও ১/২ চা-চামচ
  • পানি ১/২ কাপ

যেভাবে বানাবেন

একটি সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিন যতক্ষণ না পেঁয়াজ নরম হয়। তারপর টমেটো পিউরি দিয়ে সব মসলা দিয়ে দিন। পানি দিয়ে ঢেকে কম আঁচে ৫-৬ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।

হোয়াইট সস বানানো

যা যা লাগবে

  • বাটার ২ টেবিল চামচ
  • ময়দা ২ টেবিল চামচ
  • দুধ ১ ও ১/২ কাপ
  • ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ
  • চিকেন পাউডার ১ ও ১/২ চা-চামচ
  • শুকনো ওরেগানো ১ চা-চামচ
  • লবণ ১/৪ চা-চামচ

যেভাবে বানাবেন

একটি প্যানে মাখন গলিয়ে তাতে ময়দা দিয়ে একটু নেড়ে নিন। দুধ ঢেলে ফেটিয়ে দিন যাতে দলা না থাকে। বাকি উপকরণ মিশিয়ে নেড়ে নিন। ২-৩ মিনিট রান্না করে গাঢ় হয়ে এলে নামিয়ে রাখুন।

লাজানিয়া তৈরি ও পরিবেশন

যা যা লাগবে

  • লাজানিয়া শিট ৩/৪টি
  • চিজ চেডার ও মোজারেলা গ্রেট করে
  • ক্যাপসিকাম লম্বা করে কাটা
  • পেঁয়াজ পাতলা করে কাটা
  • শুকনো ওরেগানো
  • মরিচ বাটা

যেভাবে বানাবেন

একটা বড় পাত্রে রেড সস বিছিয়ে তার ওপরে লাজানিয়া শিট দিন। এরপর ধাপে ধাপে রেড সস, স্মোকি চিকেন, হোয়াইট সস, চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওরেগানো দিন। আবার শিট দিয়ে একইভাবে লেয়ার করুন যতক্ষণ না উপরে আসে। শেষে চিজ ছড়িয়ে মরিচ বাটা ও ওরেগানো ছিটিয়ে দিন।

ওভেন ছাড়া বেকিং (চুলায়)

একটা বড় প্যানে ১ প্যাকেট লবণ ছড়িয়ে তাতে একটি স্টিমার র‍্যাক বসিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট প্রিহিট করুন। তারপর তাতে লাজানিয়া পাত্র বসিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১২–১৫ মিনিট রান্না করুন।

আর ওভেনে যেভাবে বানাবেন

প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০–২৫ মিনিট বেক করুন।

টিপস

  • ওভেন না থাকলেও এই রেসিপি শতভাগ পারফেক্ট।
  • কয়লার ধোঁয়া খাবারে রেস্টুরেন্টের মতো সুগন্ধ আনবে।
  • লাসানিয়া শিট ঠিকমতো সিদ্ধ করতে ভুলবেন না।