শিশুর টিফিনে দিতে পারেন মজার এই খাবারটি

শিশুর স্কুলের টিফিনে কী দেবেন, তা নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই। তবে এই আইটেমটি শিশুরা যেমন পছন্দ করবে। তেমনি পুষ্টি আর স্বাদে ভরপুর। আজকের আয়োজন থাকছে ম্যাক অ্যান্ড চিজ উইথ পপকর্ন চিকেন। সহজ উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার খাবার। রইল রেসিপি।

যা যা লাগবে

পপকর্ন চিকেনের জন্য লাগবে দুধ ১/২ কাপ, লেবুর রস দেড় চা-চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ ১/২ চা-চামচ (বা স্বাদমতো), জিরা গুঁড়া ১/২ চা-চামচ, অনিয়ন পাউডার গুঁড়া ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ, গার্লিক পাউডার ১/২ চা-চামচ, শুকনা ওরিগানো ১/৪ চা-চামচ, হাড় ছাড়া চিকেন (ছোট কিউব করে কাটা) ৩৫০ গ্রাম, কর্নফ্লেক্স ১ কাপ বা প্রয়োজনমতো (ব্রেডক্রাম্বস বিকল্প হতে পারে) এবং ভাজার জন্য তেল।

চিজ সস ও ম্যাকরনির জন্য লাগবে রান্নার তেল ১ চা-চামচ, মাখন ২ টেবিল চামচ, রসুন কুচি ৩ কোয়া, ময়দা দেড় টেবিল চামচ, দুধ ২ কাপ, গোল মরিচ গুঁড়া ১/৪ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১/৪ চা-চামচ, লবণ ১/২ চা চামচ (বা স্বাদমতো), শুকনা ওরিগানো ১/২ চা-চামচ, শুকনা পার্সলি ১/২ চা-চামচ, চিকেন পাউডার ১/২ চা-চামচ (ঐচ্ছিক), ক্রিম ৩-৪ টেবিল চামচ, মোজারেলা চিজ কুচি ৪-৫ টেবিল চামচ, চেডার চিজ কুচি ৪-৫ টেবিল চামচ, এলবো ম্যাকারনি ১৫০ গ্রাম (প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সিদ্ধ করা) এবং ক্যাপসিকাম কুচি পরিমাণমতো।

যেভাবে বানাবেন

প্রথমে পপকর্ন চিকেন তৈরি করুন। তার জন্য একটি বাটিতে দুধ ও লেবুর রস মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। এতে তৈরি হবে বাটারমিল্ক। এতে দিন লাল মরিচ, লবণ, জিরা, পেঁয়াজ, গোল মরিচ, পাপরিকা, রসুন গুঁড়া ও ওরিগানো। ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে চিকেন কিউব যোগ করে ১৫ মিনিট মেরিনেট করুন।

কর্নফ্লেক্স একটি জিপলক ব্যাগে নিয়ে হাত দিয়ে হালকা গুঁড়া করুন। তারপর একটি বাটিতে ঢেলে নিন। মেরিনেট করা চিকেন কর্নফ্লেক্সে গড়িয়ে হালকা চাপ দিয়ে কোট করুন। এবার মাঝারি আঁচে তেল গরম করে চিকেনগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

তারপর ম্যাক অ্যান্ড চিজ তৈরির পালা। তার জন্য একটি প্যানে তেল ও মাখন দিয়ে গলিয়ে নিন। এতে কুচানো রসুন দিয়ে ১ মিনিট ভাজুন। এবার ময়দা দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে নিন। এতে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে তুলুন। ফুটে উঠলে যোগ করুন গোল মরিচ, পাপরিকা, লবণ, ওরিগানো, পার্সলি ও চিকেন পাউডার। নাড়তে থাকুন যতক্ষণ ঘন না হয়।

চুলা বন্ধ করে ক্রিম, মোজারেলা ও চেডার চিজ দিয়ে ভালোভাবে মেশান এবং আবার চুলা চালু করে চিজ গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। এতে সিদ্ধ ম্যাকারনি দিয়ে ভালোভাবে মেশান।

একটি পরিবেশন ডিশে আগে ম্যাক অ্যান্ড চিজ দিন। উপরে দিন ভাজা পপকর্ন চিকেন আর ছিটিয়ে দিন হারা পেঁয়াজপাতা। স্কুলের লাঞ্চবক্স হোক কিংবা বাসার বিকেলের খাবার। এই পদটি ছোটদের সঙ্গে বড়রাও উপভোগ করতে পারেন।