ঘরে তৈরি করুন ডোনাট রোলস, রইল রেসিপি

হালকা খাবারের তালিকায় আমাদের দেশেও জায়গা করে নিয়েছে ডোনাট। বিকেলের নাশতায় বা শিশুর টিফিনেও দিতে পারেন মজার এই খাবারটি। ঘরেই খুব সহজে বানাতে পারেন মনোহর ডোনাট রোলস। রইল রেসিপি।

উপকরণ

  • পানি ৩/৪ কাপ
  • খামির (ইনস্ট্যান্ট ইস্ট) ১ টেবিল চামচ
  • কাস্টার সুগার ২ টেবিল চামচ
  • ডিম ১টি
  • কাস্টার সুগার ৩ টেবিল চামচ
  • লবণ ১/২ চা-চামচ
  • দুধ ১/৪ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
  • ময়দা (ছেঁকে নেওয়া) সাড়ে ৩ কাপ
  • মিল্ক পাউডার ৩ টেবিল চামচ
  • ব্লু ব্যান্ড মার্জারিন ৩৫ গ্রাম
  • তেল ১ চা-চামচ
  • ডিম (ফেটানো) ১টি
  • ভাজার জন্য তেল

যেভাবে বানাবেন

একটি মিক্সিং বাটিতে পানি, ইনস্ট্যান্ট ইস্ট, কাস্টার সুগার ২ টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ৫-১০ মিনিট রাখুন যাতে ইস্ট ফুলে উঠে। এবার ডিম, কাস্টার সুগার ৩ টেবিল চামচ, লবণ, গরম দুধ এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ফেটিয়ে নিন। ময়দা এবং মিল্ক পাউডার দিয়ে ধীরে ধীরে মেশান।

মেশিনের ডো হুক লাগিয়ে ধীর গতিতে ৩-৪ মিনিট মেখে এরপর ধীরে ধীরে গতি বাড়িয়ে মাঝারি গতিতে ৮-১০ মিনিট মেখুন। মাঝে মাঝে পাশে জমে থাকা ময়দা সরিয়ে দিন। মার্জারিন যোগ করে আবার ৩-৪ মিনিট মাখুন যতক্ষণ না মসৃণ নরম ডো তৈরি হয়। ডোর ওপর সামান্য তেল দিয়ে ঢেকে একটি উষ্ণ জায়গায় ১ ঘণ্টা প্রুফ হতে দিন।

ডোতে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে আবার মাখুন যতক্ষণ না মসৃণ হয়। ডোকে দুই ভাগে ভাগ করুন। এক ভাগ নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে ৫ মিমি পুরু আকারে আয়তাকার রোল আকারে বেলুন। কাটা রুলার দিয়ে ১৫ ইঞ্চি লম্বা, ১.৩ ইঞ্চি চওড়া স্ট্রিপ কাটুন। স্ট্রিপগুলোর ওপর ডিমের ওয়াশ লাগিয়ে পিনহুইল আকারে ভাঁজ করুন। বেকিং পেপারে রেখে ঢেকে ৩০ মিনিট প্রুফ হতে দিন।

একটি কড়াইয়ে ১৪০ ডিগ্রি সেলসিয়াসে তেল গরম করে কম আঁচে ডোনাট রোলগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে বের করে বাকি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করুন। গরম গরম ডোনাট রোলস চা বা কফির সঙ্গে উপভোগ করুন। এটা দিয়ে ১২টি রোলস বানাতে পারবেন।