ছবির মতো সাজানো গোছানো ঘর কার না ভালো লাগে। যদিও এমন বিলাসবহুল ভাবে ঘর সাজাতে বেশ খরচও করতে হয়। তবে আপনি চাইলে সাধ্যের মধ্যেও গুছিয়ে নিতে পারেন ঘর। কিন্তু কীভাবে? তার জন্য অবশ্য কিছু কৌশল আপনাকে মেনে চলতে হবে। তাহলেই কেবল স্বল্প খরচে বিলাসবহুল করে সাজাতে পারেন আপনার ঘর।
জেনে নিন স্বল্প খরচে কীভাবে সাজাবেন আপনার প্রিয় ঘরটি। তার জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়ম। তবেই ঘরটিকে সাজাতে পারবেন আপনার মনের মতো করে।
রং বাছাই জরুরি
ঘরকে বিলাসবহুল দেখাতে সঠিক রং বাছাইয়ের বিকল্প নেই। আমাদের দেশে গাঢ় রঙের বদলে হালকা কালার দেখতে বেশি ভালো লাগে। দেয়ালে গ্রে, সাদা, লেমন ইয়েলো এসব রং করাতে পারেন। একপাশের দেয়ালে করতে পারেন হাল ফ্যাশনের ডিজাইনও। ঘরের দেওয়ালের কনট্রাস্টিং কালার দেখে বালিশের ওয়্যার, কুশন কভার, পর্দা এবং পাপোশ বাছুন। সেগুলো যেন নিয়মিত পরিষ্কার করা হয়, সেদিকেও খেয়াল রাখুন।
দেয়ালে পেরেক লাগাবেন না
অনেকে ঘর সাজাতে দেয়ালে শো পিস ও ছবি ঝোলান। তার জন্য দেয়ালে পেরেক গেঁথে এগুলো লাগাতে যাবেন না। দেয়াল সাজাতে গিয়ে পুরো ঘর শো পিস দিয়ে মিউজিয়াম বানিয়ে ফেলবেন না। চেষ্টা করুন দেয়াল ফাঁকা রাখতে। ঘরে বইয়ের তাক থাকলে, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করুন। ছেড়া বইতে সাদা কাগজের মলাট পরিয়ে দিতে পারেন। রান্নাঘরের কৌটো, কনটেইনার সব একই রকম রাখুন। তাহলে দেখতে সুন্দর লাগবে। অনলাইনে বেশ কম দামে এসবের সেট কিনতে পাওয়া যায়। সেগুলোও কিনতে পারেন। দরজার পুরনো হাতল, সুইচ বোর্ড, ড্রয়ারের নবস ইত্যাদি দামি কেনার দরকার নেই। তবে সেগুলি যেন রুচিশীল হয় খেয়াল রাখুন। ঘরে রাখতে পারেন বড় বড় আয়না। পুরনো ভাঙা, ছেড়া, ফাটা জিনিসপত্র ঘরে না রাখাই উত্তম।
ঘর বিলাসবহুল দেখানোর উপায়
ঘরকে বিলাসবহুল দেখাতে মেঝেতে দিতে পারেন কার্পেট। তবে সেটি অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে। দেয়ালে লাগাতে পারেন ওয়ালপেপার। কিন্তু সেটি ভালো দোকান থেকে কিনুন। চকচকে, ঝলমলে ওয়াল পেপারের বদলে ম্যাট কালার ও বিভিন্ন ডিজাইনের ওয়ালপেপার বাছতে পারেন। খেয়াল রাখবেন যেন বেশি জমকালো ডিজাইনের না হয়। ক্লাসিক ডিজাইনের ওয়ালপেপার বেশি ভালো লাগবে। বাজেট ফ্রেন্ডলি কাঠের আসবাবও কিনতে পারেন। তবে খেয়াল রাখবেন সব আসবাব যেন একই রংয়ের হয়। আর ঘরের মেঝের টাইলস কিনতে পারেন কাঠের শেডের। দেখতে বেশ রুচিশীল লাগবে।
ঘরে উজ্জ্বল আলো রাখুন
আপনার ঘর যেন সবসময় আলোকিত থাকে। ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখুন। টেবিল ল্যাম্প বা ল্যাম্পশেড দিয়েও সাজাতে পারেন ঘর। ঘরে কাচের ডিভাইডার, ঝারবাতি বেশ অভিজাত লাগে। ডাইনিং টেবিলের উপর ঝুলিয়ে দিতে পারেন একটি হালকা আলোর ল্যাম্পশেড। আর অবশ্যই ঘর সবসময় পরিষ্কার রাখুন। ধুলা বা ঝুল একদমই জমতে দেবেন না।