প্রতারণা, বেঈমানি, ধোঁকাবাজি- ব্যর্থ প্রেমিক অথবা প্রেমিকার মুখে একসময় এ শব্দগুলো অহরহ শোনা যেত। এরপর মানুষ পরিচিত হলো ফ্লার্টিং, চ্যাটিং, স্টকিং, টক্সিক রিলেশনশিপ, লিভ ইন রিলেশনশিপের মতো শব্দগুলোর সঙ্গে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক সম্পর্ক এখন আরেক দফা ভিন্ন সংজ্ঞা লাভ করেছে। বর্তমানে প্রেম আছে, প্রেমের তকমা নেই। যিনি আজ আছেন, কালও তিনিই থাকবেন, সে প্রতিশ্রুতির এখন আর দায় নেই!
সময় এখন জেনজিদের। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেনজি। তরুণ এ প্রজন্মের প্রেমের অভিধানে এখন যুক্ত হয়েছে সিচুয়েশনশিপ, ব্রেডক্রাম্বিং, বেঞ্চিং-এর মতো নতুন ঘরানার শব্দ। সম্পর্ক নিয়ে জেনজিদের মুখে মুখে ফেরা কিছু শব্দের অর্থ জেনে রাখতে পারেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন ‘কনটেক্সট’ বুঝতে এতে আপনারই সুবিধা হবে।
জোম্বিয়িং
কারও সঙ্গে আপনার দারুণ সখ্যতা তৈরি হলো। এরপর একদিন কোনো ব্যাখ্যা ছাড়াই মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। এ ধরনের আচরণকে বলে ঘোস্টিং। ঘোস্টিং পর্ব শেষ হলে সেই ব্যক্তি আবার একদিন আপনাকে নক করলো বা মেসেজ পাঠালো; ভাবখানা এমন যেন কিছুই ঘটেনি! এই সময়ে বুঝতে পারবেন আপনি জোম্বিয়িংয়ের শিকার হয়েছেন।
কিটেন ফিশিং
ইনস্টাগ্রাম, টিকটকে অনেককেই দামি দামি রেস্টুরেন্টে চেক-ইন দিতে দেখা যায়। খোঁজ নিলে দেখা যাবে, এদের অনেকের বাড়িতে ঠিকমতো ভাতও জোটে না! আবার অনেকে কোনো প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করলেও ডেটিং অ্যাপে নিজেকে সেখানকার সিইও হিসেবে জাহির করেন। অন্যকে পটাতে এবং অন্যের মনোযোগ আকৃষ্ট করতে এভাবে খামতি ঢেকে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করাই হলো কিটেন ফিশিং।
লাভ বম্বিং
ডিপার্টমেন্টে নতুন একটি জুনিয়র মেয়ে এসেছে, যাকে আপনার বেশ মনে ধরেছে। ফেসবুকে মেয়েটি কোনো ছবি দেওয়া মাত্র আপনি সেখানে লাভ রিয়্যাক্ট দিয়ে আসেন, কমেন্টের বন্যা বইয়ে দেন। ধীরে ধীরে আপনার মনোযোগ আর দারুণ সব সারপ্রাইজে একসময় মেয়েটিও হয়ত আপনার প্রতি অনুরক্ত হয়ে উঠবে।
এই সময়ই আপনি তাঁর আবেগের সুযোগ নিয়ে তাকে অবহেলা করতে শুরু করবেন। প্রেক্ষাপট চেনা লাগছে কি! জেনে রাখুন আপনি মেয়েটিকে এতোদিন ‘লাভ বম্বিং’ করেছেন।
থ্রোনিং
এইক্ষেত্রে একজন ব্যক্তি অপরজনকে তাঁর সবটুকু মনোযোগ, যত্ন এবং সময় ঢেলে দেবেন, এমনকি তাকে বিয়েও করবেন। কিন্তু পুরোটাই হবে লোক দেখানো। মানুষটির প্রতি আদতে তাঁর কোনো ‘এটাচমেন্ট’ নেই। সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি অর্জনের জন্য এতোদিন ধরে প্রেম-বিয়ের এই অভিনয় চলেছে। প্রেমে প্রতারণার এই গল্প আমরা আগেও বহুবার হয়ত সিনেমার পর্দায় দেখেছি। জেনজিদের ভাষায়, এটাই থ্রোনিং।
ইন্সটা-গেটর
অনলাইনে বেশি বেশি লাইক এবং ‘ফুটেজ’ পেতে অনেক জুটিই সম্পর্ককে 'ইন্সটা-অফিসিয়াল' করে তোলে। তাঁরা সামাজিক মাধ্যম নিয়ে এতোটাই আচ্ছন্ন থাকে যে, সম্পর্কের খুঁটিনাটি সবকিছু পোস্টের মাধ্যমে জানান দেয়। নতুন ছবি মুক্তির আগে অনেক তারকা জুটিও এ কৌশল অবলম্বন করে ইদানীং। বাস্তবে প্রেমের সম্পর্ক না থাকার পরেও শুধুমাত্র চলচ্চিত্রের কাটতি বাড়াতে তাঁরা অনলাইনে ভক্তদের সামনে নিজেদের ‘কাপল’ হিসেবে উপস্থাপন করেন। বাইরে থেকে ‘ভ্যালিডেশন’ খোঁজার এই প্রবণতাই হলো ইন্সটা-গেটর।
কাফিং সিজন
গ্রীষ্ম, বর্ষা, বসন্ত- ছয় ঋতুর কথা তো সবাই জানি। কিন্তু কখনো কি কাফিং সিজনের নাম শুনেছেন? এই ঋতুর সময়কাল অক্টোবর মাস থেকে শুরু হয়ে পরের বছর ভালোবাসা দিবস পর্যন্ত। ঠান্ডা আবহাওয়ার এই সময়ে আপনার পাশেও থাকবেন কেউ, তবে তাতে থাকবে না কোনো দায়বদ্ধতা। ভালোবাসা দিবসের আবহ শেষ হয়ে গেলে এই ‘সিজনাল রিলেশনশিপে'ও ইতি টানা হবে।
তথ্যসূত্র: নিউজ এইটিন