উড়োজাহাজে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন, বিমান যেন একই জায়গায় বারবার ঘুরছে, নিচে নামছে না। অবতরণের কথা ছিল অনেক আগেই, অথচ বিমান কেবল আকাশেই চক্কর কাটছে। প্রথমবার হলে বিষয়টি অস্বস্তিকর লাগতেই পারে। কিন্তু আসলে এটি একটি পরিচিত ও পূর্বপরিকল্পিত পদ্ধতি। যাকে বলা হয় হোল্ডিং প্যাটার্ন।
আধুনিক এভিয়েশনে এটি খুব সাধারণ বিষয়। পাইলটরা এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত, আর পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা (এটিসি)। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এমনটা হয়?
ভিড় বেশি? অপেক্ষা আকাশেই
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে প্রতিদিন শত শত উড়োজাহাজ ওঠানামা করে। একই সময়ে একাধিক ফ্লাইট অবতরণের জন্য এগিয়ে এলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে গিয়ে কোনো কোনো বিমানের অপেক্ষা করতে হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন সেসব বিমানের পাইলটকে নির্দিষ্ট উচ্চতায় একটি বৃত্তাকারে ঘুরতে বলেন, এটাই হোল্ডিং প্যাটার্ন।
আবহাওয়া খারাপ? তাড়াহুড়ো নেই
বৃষ্টির ঝাপটা, কুয়াশা, বজ্রঝড় কিংবা তীব্র বাতাস, এইসব আবহাওয়াজনিত কারণেও বিমানের অবতরণ বিলম্বিত হতে পারে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পাইলটকে আকাশে অপেক্ষা করতে বলা হয়। এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
রানওয়েতে কেউ আছে? অপেক্ষা করুন
রানওয়েতে যদি কোনো বিমান এখনো ছেড়ে যায়নি, কিংবা জরুরি কোনো অবতরণ হচ্ছে। কিংবা চলছে রানওয়ের মেরামত। তবে নতুন করে অবতরণ বন্ধ রাখা হয়। সে ক্ষেত্রে আগত বিমানটিকে চক্কর কাটতে বলা হয় যতক্ষণ না রানওয়ে পুরোপুরি ফাঁকা হয়।
টেকনিক্যাল বা অন্য কোনো সমস্যা? সাবধানী সিদ্ধান্ত
বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি, যেমন ল্যান্ডিং গিয়ারের কোনো সমস্যা, কিংবা রানওয়ের ওপর কোনো গ্রাউন্ড ভেহিকল থাকলে তাৎক্ষণিকভাবে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাইলট ও এটিসি তখন বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন, বিমান নামবে, নাকি ঘুরবে অথবা অন্য কোথাও যাবে।
অন্য ফ্লাইটকে জায়গা দেওয়া
যদি দুটি বিমান কাছাকাছি সময়ের মধ্যে অবতরণ করতে চায়, তবে তাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এটিসি একটি বিমানকে কিছুক্ষণ আকাশে ঘুরতে বলেন। এতে করে পরপর অবতরণ হয় সাবলীলভাবে, কোনো ঝামেলা ছাড়াই।
জরুরি অবতরণ? আগে আসে সেই ফ্লাইট
যদি কোনো ফ্লাইট মাঝ আকাশে জরুরি অবতরণ চায়, তবে তাকে অগ্রাধিকার দেওয়া হয়। অন্য সব ফ্লাইটকে অপেক্ষায় রাখা হয়, যেন জরুরি অবস্থায় থাকা বিমানটি নির্বিঘ্নে অবতরণ করতে পারে।
বিমানের মাঝ আকাশে চক্কর কাটা মানেই কোনো বিপদ নয়। এটি নিরাপত্তামূলক, সুপরিকল্পিত ও নিয়মিতভাবে চর্চিত একটি ব্যবস্থা। আপনি জানালার বাইরে আকাশ দেখুন, আর পাইলট ও কন্ট্রোল টাওয়ার আপনাকে নিরাপদে পৌঁছে দেবে গন্তব্যে, এটাই এভিয়েশনের মূল কথা।