২০২৬ সালের সেরা এয়ারলাইনস ঘোষণা, শীর্ষে কাতার এয়ারওয়েজ

২০২৬ সালের সেরা এয়ারলাইনসের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার যাত্রীদের আরাম, সেবা ও নির্ভরযোগ্যতায় নতুন মান নির্ধারণ করেছে এই র‌্যাঙ্কিং। কেবল সহজ যাত্রা নয়, আধুনিক ভ্রমণকারীরা এখন চায় আরামদায়ক ক্যাবিন, উন্নত প্রযুক্তি এবং ব্যক্তিগত মনোযোগপূর্ণ সেবা। এই তালিকায় সেই সব এয়ারলাইনসকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে।

২০২৬ সালের পূর্ণসেবা এয়ারলাইনসের শীর্ষে রয়েছে কাতার এয়ারওয়েজ। হংকংয়ের ফ্ল্যাগ ক্যারিয়ার ক্যাথাই প্যাসিফিক দ্বিতীয় স্থানে এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স এসেছে তৃতীয় স্থানে। এয়ারলাইনরেটিংস ডটকম এই র‌্যাঙ্কিং তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে। সেগুলো হলো পূর্ণ-সেবা, কম খরচের, এবং হাইব্রিড এয়ারলাইনস।

পূর্ণ-সেবা এয়ারলাইনসের সম্পূর্ণ তালিকায় রয়েছে কাতার এয়ারওয়েজ, ক্যাথাই প্যাসিফিক, সিঙ্গাপুর এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার, স্টারলাক্স এয়ারলাইনস, জাপান এয়ারলাইনস, তুর্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার নিউ জিল্যান্ড, এথিহাদ এয়ারওয়েজসহ আরও ১৪টি এয়ারলাইনস।

এয়ারলাইনরেটিংস ডট কমের সিইও শারন পিটারসেন জানিয়েছেন, ‘শীর্ষে প্রতিযোগিতা খুবই কঠিন ছিল। তবে কাতারের উচ্চ মানের ইকোনমি এবং পুরস্কার বিজয়ী বিজনেস ক্লাস তাদের আবারও শীর্ষে নিয়ে এসেছে। আর এবছরের নতুন উদীয়মান এয়ারলাইন হল তাইপেই ভিত্তিক স্টারলাক্স। উন্নত ক্যাবিন সেবা, মানসম্মত খাবার ও আধুনিক ইন্টেরিয়র দিয়ে তারা দ্রুত প্রিমিয়াম প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। তারা এবছর ইউরোপেও সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।’

২০২৬ সালের সেরা হাইব্রিড এয়ারলাইনস প্রকাশ করেছে এয়ারলাইনরেটিংস ডট কম। সেই তালিকায় শীর্ষে রয়েছে লুফথানসা, ওয়েস্টজেট, ভার্জিন অস্ট্রেলিয়া, ডেল্টা এয়ার লাইনস, ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্সসহ আরও ১৪টি এয়ারলাইনস।

২০২৬ সালের এই তালিকা যাত্রীদের জন্য নির্দেশনা হিসেবে কাজ করবে। কোন এয়ারলাইনস সবচেয়ে আরামদায়ক, সেবামূলক এবং নির্ভরযোগ্য তাও জানা যাবে। যারা আধুনিক, আরামদায়ক ও নিরাপদ বিমানভ্রমণ চান। তারা এই র‌্যাঙ্কিং অনুসারে তাদের পরবর্তী ফ্লাইটের পরিকল্পনা করতে পারেন।