এমপি আজীম হত্যাকাণ্ড: নেপালে পলাতক সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় নেপালে অবস্থান করা মো. সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামি সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

আজ সোমবার শেরে বাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানান।

জানা গেছে, আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) তথ্যে নেপালে আটক করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারী এই ব্যক্তি কলকাতার নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে আত্মগোপন করে। এরপরই ঢাকার পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে কাঠমান্ডু এনসিবিতে তাকে আটকের জন্য অনুরোধ জানিয়ে মেইল পাঠায়।

পুলিশ সূত্র বলছে, সিয়ামকে বাংলাদেশে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমান্ডু পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল নেপাল অবস্থান করছেন। তবে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে ফেরাতে জটিলতা দেখা দিয়েছে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে ভারতে যান চিকিৎসার কথা বলে। ১৩ মে থেকেই তিনি নিখোঁজ। এরপর ২২ মে খবর আসে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। 

ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। যৌথ অভিযানে নামে দুই দেশের পুলিশ। অবশেষে নিখোঁজের ১৫ দিন পর ঘটনাস্থল সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে কিছু মাংস।

আরও পড়ুন: