আইপিএলে আজ মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে ম্যাচটির পর সব ঠিক থাকলে চেন্নাইয়ের হয়ে আর তিনটি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সিরিজের জন্য ১ মে-র পর তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আর মাসখানেকের দূরত্বে, তখন আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে প্রস্তুতির সুযোগ বাদ দিয়ে মোস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো নিয়ে গত কয়েকদিনে অনেক আলোচনা-সমালোচনাই হচ্ছে। ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও আজ এ নিয়ে কথা বলেছেন।
ইউটিউবে নিজের চ্যানেলে শুধু মোস্তাফিজের আইপিএলের মাঝপথে চেন্নাই ছেড়ে যেতে হওয়া নিয়েই একটা ভিডিও শেয়ার করেছেন আকাশ চোপড়া। যেখানে ভারতের সাবেক এই ব্যাটসম্যানের বিস্ময়, বাংলাদেশ এমনটা কেন করছে! বিসিবির দিক থেকে আইপিএলের চেয়ে ভালোভাবে মোস্তাফিজের খেলার ধকল সামলানোকে যুক্তি হিসেবে দেখানো হয়েছে, আকাশ চোপড়া এ নিয়ে টিপ্পনীও কেটেছেন! বলেছেন, বাংলাদেশের মনে হচ্ছে মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে ওরা বিশ্বকাপটা জিতবে না!
মোস্তাফিজ যে আইপিএলের মাঝপথে বাংলাদেশে চলে আসবেন, সে সিদ্ধান্ত অবশ্য আজকের নয়। বিসিবি সেভাবেই অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল। বরং প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত অনুমতি দেওয়া হলেও ১ মে চেন্নাইয়ের ম্যাচ থাকায় পরে বিসিবি মোস্তাফিজের ‘আইপিএল ছুটি’ একদিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করে দিয়েছে!
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিতর্ক এ নিয়ে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না খেলে মোস্তাফিজ আইপিএলে খেললেই বরং বেশি লাভ হতো কি না, সে নিয়ে।
কিন্তু সেটির মধ্যে বাংলাদেশকে খোঁচাই মেরে বসেছেন ভারতের ধারাভাষ্যকার, ইউটিউবার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। ইউটিউবে ভিডিওতে শুরুতে মোস্তাফিজ গেলে চেন্নাইয়ের জন্য সেটা ধাক্কা হয়ে আসবে জানিয়ে বলেছেন, ‘মোস্তাফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে (এই মৌসুমে) আর খেলতে পারবে না। আর অল্প কয়েকদিনই খেলবে। বাংলাদেশ এই কাজটা কেন করছে? দয়া করে ওকে (আইপিএলে) খেলতে দিন! ওকে ছাড়া চেন্নাইকে কিছু ক্ষতির মুখে পড়তে হবে।’
মোস্তাফিজের আইপিএল ছেড়ে জিম্বাবুয়ে সিরিজে খেলার লাভ-ক্ষতি নিয়ে বিতর্কের মধ্যে দিন দুয়েক আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, আইপিএল থেকে মোস্তাফিজের আর শেখার কিছু নেই। আইপিএল খেলে মোস্তাফিজের কোনো লাভও হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি চেন্নাই মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে যতটা গুরুত্ব দেবে, বাংলাদেশ অবশ্যই তার চেয়ে বেশি দেবে বলেও যুক্তি তুলে ধরেছেন জালাল ইউনুস। যুক্তিতে ভুল নেই, তবে বিতর্কটা এখানে মূলত মোস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতি আর বাংলাদেশের তাতে লাভ-ক্ষতি নিয়ে।
আকাশ চোপড়া বাংলাদেশের লাভ-ক্ষতি নিয়ে বিশেষ ভাবার কোনো কারণ নেই। তিনি স্বাভাবিকভাবেই আইপিএল আর চেন্নাইয়ের দিকটাই আগে দেখবেন। বিসিবি পরিচালক জালাল ইউনুসের ওই মন্তব্যে কিছুটা বিরক্তির আভাস পাওয়া গেল আকাশ চোপড়ার গলায়। উল্টো বাংলাদেশকে খোঁচা দিয়েছেন তিনি।
‘বোর্ড বলেছে আইপিএলে খেলে মোস্তাফিজের কোনো লাভ হচ্ছে না। ওর খেলার ধকলের দিকটা নাকি ঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে না। সে কারণে তাঁরা ওকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এই কাজটা অনেকবারই করেছে। আমার মতে, এটা করা ঠিক হচ্ছে না। বিশ্বকাপ সামনে, সেখানে তো ভারতের ক্রিকেটাররাও যাবে। বুঝতে পারছি না বাংলাদেশ এই কাজটা কেন করছে!’ – বলেছেন আকাশ চোপড়া।
এরপরই বাংলাদেশকে খাটো করেই দেখিয়ে আকাশ চোপড়ার খোঁচা, ‘ওকে খেলতে দিন, এখানে ও ভালোই খেলছে। সামনে বড় নিলামও আছে। মোস্তাফিজের সামনে সুযোগ আছে নিলাম থেকে বড় অর্থ কামিয়ে নেওয়ার। বাংলাদেশের মনে হচ্ছে যেন মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকভাবে না হলে ওরা বিশ্বকাপটা উঁচিয়ে ধরতে পারবে না!’