মোস্তাফিজুর রহমানের আইপিএল ছেড়ে জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই কর্তা। বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছিলেন, জিম্বাবুয়ের চেয়ে আইপিএল খেলাই মোস্তাফিজের জন্য বেশি লাভজনক। এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মতে, আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই।
বিসিবির দুই কর্তার এই বক্তব্যের পর আজ আরেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, জালাল ইউনুস যা বলেছেন, সেটি ঠিকই বলেছেন। সুজনের মতে, মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটের বড় নাম, এই বাঁহাতি পেসার থেকে ভারতের তরুণেরা শিখবে।
আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর দশ উইকেটের জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। জিম্বাবুয়ে সফরের জন্য মোস্তাফিজের আইপিএল থেকে ফেরা নিয়ে গত কদিনে বাংলাদেশের ক্রিকেটে যত আলোচনা, সে নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দেশ তো সবার আগে। এটা আমি সবসময়ই বলি। দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দ কিছুতেই নেই।’
মোস্তাফিজকে নিয়ে বিসিবির সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর তেমন ভূমিকা ছিল না বুঝিয়ে অবশ্য ঘুরিয়ে-ফিরিয়ে জালাল ইউনুসের বক্তব্যের পক্ষেই মৃদু সুর তুলেছেন সুজন, ‘…তবে পরিস্থিতির দাবির সঙ্গে তাল মিলিয়ে, উনারা যেভাবে চিন্তা করেছেন... আমি আসলে জাতীয় দলের সাথে ওভাবে নেই। (ক্রিকেট) অপারেশনসের ভাইস চেয়ারম্যান হলেও আমি আবাহনীর খেলার কারণে সেভাবে যাচ্ছি না মিটিংগুলোতে। আমি জানিই না আসলে। অবশ্যই জালাল ভাইরা চিন্তা করেই বক্তব্যটা দিয়েছেন। উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন আমাকে ওটাই বলে নিতে হবে যে ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’
জালাল ইউনুসের ‘মোস্তাফিজের আইপিএল থেকে আর শেখার কিছু নেই’ বক্তব্যের ব্যাখ্যায় সুজন বলেছেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকে একটা সিনারিও থেকেও শেখার থাকতে পারে। সেটা কোনো সমস্যা নেই। হয়তোবা উনি এটাকে ওইভাবে বোঝাতে চাননি।’
তাহলে কীভাবে বোঝাতে চেয়েছেন, সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সুজন, ‘…উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। মোস্তাফিজ তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম। জালাল ভাই এই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাফিজ অভিজ্ঞ অনেক। ইন্ডিয়ার অনেক তরুণ বোলাররা ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে। এভাবেই কথাটা বলেছে। এটার অন্য কোনো অর্থ বের করাটা আমার মনে হয় না ঠিক হবে।’
মোস্তাফিজের পুরো আইপিএল খেলতে পারলে ভালো হতো জানিয়ে সুজন বলছেন ‘আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় নিতে হবে। মোস্তাফিজ যদি (পুরো আসর) আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে আর সমস্যা হতো না। অনেকেই বলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলছে...ওরা তো (পাকিস্তানে খেলছে)। আমাদের দেশে তো দশটা মোস্তাফিজ নেই আসলে। সবচেয়ে বড় কথা এটাই। এটাও চিন্তা করতে হবে।’



