ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন, তা আইসিসির সরাসরি দেওয়া কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আজ বাফুফে ভবনে সাংবাদিকদের বলেছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি দিয়েছে, যেখানে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়ার তিনটি কারণের কথা বলা হয়েছে।

অনেকেই এটিকে বিসিবির দেওয়া চিঠির জবাবে আইসিসির উত্তর ভেবেছিলেন। এ ব্যাপারে এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার লিখেছেন, আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা বিসিবির চিঠির বিপরীতে আইসিসির সরাসরি দেওয়া কোনো জবাব নয়। এটা মূলত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নিরাপত্তাসংক্রান্ত হুমকি পর্যালোচনায় আইসিসির আন্তবিভাগীয় একটি নোট বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব।

ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, ‘ক্রীড়া উপদেষ্টা আজ আইসিসির বার্তা হিসেবে যেটির কথা বলেছেন, তা ভারতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আইসিসির হুমকি পর্যালোচনা সংক্রান্ত একটি আন্ত-বিভাগীয় নোট, ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে বিসিবির অনুরোধের জবাব নয়।’

আজাদ মজুমদারের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

এর আগে আজ দুপুরে বাফুফেতে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসি বিসিবিকে একটি চিঠি দিয়েছে, যেখানে তিনটি কারণে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে বলা হয়েছে।

‘চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে’ - সাংবাদিকদের বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।