বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আজ সাংবাদিকদের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিসিবিকে একটি চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। সেখানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে গেলে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে জানিয়েছে আইসিসি, এমনটাই বলেছেন ক্রীড়া উপদেষ্টা।
তিনটি কারণ কী কী? দলে মোস্তাফিজ থাকলে, বাংলাদেশ সমর্থকেরা দলের জার্সি পরে ভারতে ঘোরাঘুরি করলে এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময়সূচি এগিয়ে আসতে থাকলে।
‘চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে’ – সাংবাদিকদের বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আইসিসির এমন বক্তব্যকে ‘উদ্ভট’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’
ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাসে অব্যাহত প্রচারণা চালিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মোস্তাফিজের ইস্যু এবং আইসিসির এই চিঠির মাধ্যমে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
আইসিসির কোনো এক দেশের কথায় উঠবস করা উচিত নয়, ক্রিকেটে মনোপলি থাকা উচিত নয় জানিয়ে আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।’
গতকাল খবর এসেছে, ভারতে যেহেতু বাংলাদেশ খেলতে চায় না, শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ায়ও যেহেতু লজিস্টিক জটিলতা আছে, তাই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। খবরটি ‘সত্যি নাকি মিথ্যা জানি না’ জানিয়েও এ ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই।’
তবে ভারতে যে বাংলাদেশ দলের খেলার পরিবেশ নেই, সেটা জোর দিয়ে জানিয়ে আসিফ নজরুল বলেছেন, ‘যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড — যারা ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে, বুঝলাম না। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’
প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম আজ জানিয়েছে, আইসিসি বিসিবিকে বলেছে, ভারতেই বাংলাদেশ দলের ম্যাচ আয়োজিত হবে, তবে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ভেন্যু বদলে দেওয়া হবে। বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা, তার পরিবর্তে চেন্নাই ও থিরুভানাপুরামে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব আইসিসি দিয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।



