‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা’- গত সোমবার রাতে আল ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচে আল নাসরের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণাটাই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির এ ইঙ্গিতে মনে হয়েছিল, আল নাসরের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে রোনালদোর।
তবে সপ্তাহ না পেরোতেই সে সম্পর্কে নতুন মোড় নিতে চলছে। গতকাল বৃহস্পতিবার সৌদি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফেরনান্দো ইয়েরো জানিয়েছেন, রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আল নাসর। এজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি ক্লাবটি।
গতকালের সংবাদ সম্মেলনে হিয়েরা বলেছেন, ‘আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত। তিনি যাতে আমাদের সঙ্গে থাকতে পারেন, আমরা চুক্তি নবায়নের চেষ্টা করব। অনেক ক্লাবই তাঁকে (রোনালদোকে) দলে টানতে আগ্রহী।’
অন্যান্য ক্লাবের আগ্রহ থাকলেও রোনালদো আল নাসরের হয়েই সামনে খেলে যাবেন, এমনটাই প্রত্যাশা আল নাসরের স্পোর্টিং ডিরেক্টরের, ‘চুক্তি নবায়নের জন্য আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আমরা একটা সমাধানে পৌঁছাব।’
এর আগে ২০২৩ সালের শুরুতে আল নাসরে নাম লেখান রোনালদো। সৌদি ক্লাবটিতে আড়াই বছর কাটিয়ে দিলেও দলকে বলার মতো কোনো শিরোপা জেতাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। দলগতভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে ঠিকই উজ্জ্বল ছিলেন রোনালদো। প্রথম পূর্ণ মৌসুমে প্রো লিগে রেকর্ড ৩৫ গোল করার পর এ মৌসুমেও লিগের সর্বোচ্চ (২৫ গোল) গোলদাতা আল নাসর তারকা।
তবে আল নাসর মৌসুম শেষ করেছে পয়েন্ট তালিকার তৃতীয় হয়ে। এতে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রোনালদোর দল।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, আসন্ন ক্লাব বিশ্বকাপের আগেই আল নাসর ছাড়তে পারেন রোনালদো। পর্তুগিজ তারকার নতুন ঠিকানা হতে পারে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিলের কোনো ক্লাব। সেখান থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে রোনালদোকে- এমনটাই দাবি করা হচ্ছিল সংবাদমাধ্যমে।
তবে সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোনালদোকে পরের মৌসুমেও আল নাসরেই দেখছেন হিয়েরা। ‘(প্রো লিগে) রোনালদোর উপস্থিতি শুরু থেকেই একটি জাতীয় প্রকল্প। এ দেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরেছে। সে এখানে (সৌদি আরবে) আসার সাহস দেখিয়েছে, এখানে থেকেছে এবং সৌদি লিগকে বিশ্বের সবার সামনে উন্মুক্ত করেছে- এটা অসাধারণ। তার আসার পর বহু শীর্ষ পর্যায়ের খেলোয়াড় এখানে এসেছে। দরজাটা সে-ই খুলে দিয়েছে। আমরা তার (রোনালদোর) সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি সে আমাদের সঙ্গেই থাকবে।’