পাকিস্তান পেল ‘বিশেষ সুযোগ’, বাংলাদেশ পড়েছে শঙ্কায়

এশিয়া কাপে কাজাখস্তানকে ৫-১ গোলে হারানোর পর বিশ্বকাপ হকির বাছাই পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী এমনটাই হওয়ার কথা। কিন্তু এবার জানা গেল এখনো বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত হয়নি বাংলাদেশের। 

বাংলাদেশের বিশ্বকাপের বাছাই পর্ব কেন নিশ্চিত হয়নি। এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান।

দুই দিন আগেই এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোকে পাকিস্তানের জন্য করা এক বিশেষ নিয়মের কথা জানিয়েছে এফআইএইচ( ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন)। 

বিশ্বকাপ বাছাই পর্বে খেলার নতুন নিয়ম সম্পর্কে ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য জাপানের সঙ্গে খেলবে। সে খেলায় যে পঞ্চম হবে, তারা বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে খেলবে। যে হারবে (ষষ্ঠ হবে) তারা পাকিস্তানের সঙ্গে বেস্ট অফ থ্রি খেলবে। সেখানে যারা দুটি ম্যাচ জিতবে তারা বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে।’

এই ব্যাপারে বাংলাদেশ কখন অবগত হয়েছে তা জানিয়ে রিয়াজুল হাসান বলেন,   ‘দুই দিন আগে এফআইএইচ থেকে সেখানে অংশগ্রহণকারীদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়।‘

পাকিস্তান শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ফলের এশিয়া কাপে সুযোগ পায় বাংলাদেশ। তবে এই সুযোগের ফলে বিশ্বকাপের বাছাই পর্ব খেলার অনেকটাই দ্বারপ্রান্তে চলে গিয়েছেন রোমান সরকাররা। 

আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই খেলার ভাগ্য।
সেই ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে মশিউর রহমানের দল। আর হারলে ষষ্ঠ হয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে তিন ম্যাচের সিরিজ।