দুই স্ত্রীর একজন তালাকপ্রাপ্ত, মৃত স্বামীর সম্পত্তি কীভাবে ভাগ হবে?

আমাদের দেশে মুসলিম আইনের ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়। এতে কোনো মুসলমান পুরুষ বা নারী উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পর্কে জানতে পারবেন।

এখানে বলে রাখা ভালো যে, একজন মারা যাওয়ার আগে কখনোই তাঁর সম্পত্তির ওয়ারিশ বা উত্তরাধিকার তৈরি হয় না। অর্থাৎ একজন জীবিত থাকা অবস্থায় তার সব সম্পত্তির মালিক সে নিজেই। সে চাইলে তার জীবদ্দশায় তার সম্পত্তি অন্যত্র বিক্রি করতে পারেন বা হেবা করতে পারেন বা দান করতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন। তখনই উত্তরাধিকার তৈরি হয় যখন একজন মারা যান এবং মারা যাওয়ার সময় কোনো সম্পত্তি রেখে যায়।

মৃত স্বামীর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একজন স্ত্রীর অবস্থান হচ্ছে দুটি। প্রথমত, একজন স্ত্রীর স্বামী যদি মারা যান এবং তার কোনো সন্তান থাকে তাহলে ওই স্ত্রী তার মৃত স্বামীর মোট সম্পত্তি থেকে সম্পদ পাবেন ১/৮ অংশ। আবার যদি এমন দেখা যায় যে, ওই মৃত স্বামীর একাধিক স্ত্রী থাকেন এবং সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সব স্ত্রীর মধ্যে মোট সম্পত্তির ১/৮ অংশ সমানভাবে ভাগ করা হবে।

মৃত ব্যক্তির প্রথম স্ত্রী তালাকপ্রাপ্ত, কাজেই সাবেক স্বামীর সম্পত্তির ওপর তাঁর কোনো অধিকার নেই। তবে প্রথম স্ত্রীর যদি কোনো সন্তান থাকেন তাহলে তাঁর পুত্র বা কন্যা সন্তান তাঁদের বাবার সম্পত্তি পাবেন, ঠিক যেভাবে দ্বিতীয় স্ত্রীর পুত্র বা কন্যা সন্তান  পাবেন।

একজন স্ত্রীর স্বামী যদি মারা যায় এবং ওই মৃত স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে ওই মৃত ব্যক্তির স্ত্রী তার মোট সম্পত্তির অংশ থেকে ১/৪ অংশ সম্পত্তি পাবেন।

তবে বিধবা স্ত্রী (অর্থাৎ দ্বিতীয় স্ত্রী) তাঁর মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার। তিনি কোনোভাবেই তাঁর মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। মৃত স্বামীর কোনো সন্তান বা তাঁদের পুত্রের সন্তান থাকলে বিধবা স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ এর অংশ পাবেন। সেই হিসেবে এই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন।

আর সন্তানদের ক্ষেত্রে মেয়েরা সব সময় ছেলের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবেন। মৃত ব্যক্তি (মা অথবা বাবা) যেই হোক না কেন, উত্তরাধিকারের ক্ষেত্রে একজন পুত্র একজন কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবেন।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীতঅর্থাৎ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির যদি পুত্র এবং কন্যা সন্তান উভয়ই থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক পুত্র যা পাবেন, কন্যা সন্তানরা তার অর্ধেক পাবেন। অর্থাৎ মৃত বাবার সম্পত্তি ২: ১ আনুপাতিক হারে তাঁদের মধ্যে ভাগ

আর যদি মৃত ব্যক্তির শুধু এক কন্যা থাকে তবে তিনি মোট সম্পত্তির (১/২) অর্ধেক পাবে। আর যদি একাধিক কন্যা থাকে তবে সবাই মিলে (২/৩) দুই তৃতীয়াংশ পাবেন।

এই উত্তরাধিকার সম্পত্তির অংশ নিয়ে কোনো মৃত ব্যক্তির স্ত্রীকে বঞ্চিত করা হলে ওই স্ত্রী আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবী মাধ্যমে মামলা করতে পারবে এবং তিনি তার প্রতিকার নিশ্চিত করতে পারবে।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট