ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এরইমধ্যে দেশটির বিভিন্ন শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়া করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তিনি বিস্তারিত বলেননি।
এদিকে ইরানের কয়েকটি শহরের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরানি এয়ারপোর্ট অ্যান্ড নেভিগেশন কোম্পানি।
ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।
ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে।
এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা মিত্ররাও।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন:
- আমরাই জিতব: নেতানিয়াহু
- ইরাক ও ইয়েমেন থেকেও হামলা হয়েছে, স্বীকার করল ইসরায়েল
- হামাস যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, দাবি ইসরায়েলের
- ‘আয়রনক্ল্যাড’ দিয়ে সহযোগিতার জন্য আমেরিকাকে ধন্যবাদ দিল ইসরায়েল
- উভয় পক্ষকে ‘সংযত’ থাকার আহ্বান চীনের
- ইসরায়েলে স্কুল–বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে আজ
- ইরানের হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বাইডেন
- ইসরায়েলে ইরানের হামলা
- ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান