পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) অধিকার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট অধিকারকর্মী মঞ্জুর পশতিনকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত সোমবার বেলুচিস্তানের সীমান্ত শহর চমন থেকে তুরবতে যাওয়ার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গ্রেপ্তার একদিন পর ২৯ বছর বয়সী মঞ্জুর পশতিনকে অপহরণের অভিযোগ উঠল। পাকিস্তানের পুলিশ বলছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মঞ্জুরের সংগঠন পিটিএম এই অভিযোগ অস্বীকার করেছে। পিটিএম বলেছে, প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে অবাধ আন্তঃসীমান্ত চলাচলের দাবিতে একটি বিক্ষোভে ভাষণ দেওয়ার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পিটিএমের একজন সিনিয়র সদস্য জুবায়ের শাহ বলেন, গ্রেপ্তারের পর তাঁকে খাইবার পাখতুনখোয়ার ইসমাইল খান শহরের একটি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে গেছে। আমরা জানি না তিনি এখন কোথায় আছেন। পুলিশ আমাদের কোনো তথ্য দিচ্ছে না। আমরা মনে করি, বেসামরিক পোশাকে যারা তাঁকে তুলে নিয়ে গেছে, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক।
ইসমাইল খান থানার পুলিশ অফিসার খুবাব খান পিটিএম নেতাকে তাঁর স্টেশনে আনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের থানায় কাউকে গ্রেপ্তার করে আনা হয়নি, কিংবা থানা থেকে কাউকে তুলে নিয়েও যাওয়া হয়নি।
২০১৪ সালে প্রতিষ্ঠিত পিটিএম নামের সংগঠনটি জাতিগত পশতুনদের অধিকার নিয়ে কাজ করে।