৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আতঙ্ক!

১৩ নভেম্বর কি সত্যিই শেষ হয়ে যাবে পৃথিবী? ৬৬ বছর আগে একদল বিজ্ঞানী হিসাব করে জানিয়েছিলেন, ২০২৬ সালের এই দিনে পৃথিবীর জনসংখ্যা পৌঁছে যাবে অসীমে! নিজেদের চাপেই ধ্বংস হবে মানবজাতি! এবার পুরোনো এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু দাবি। কোথাও বলা হচ্ছে, ওই দিন ঘটতে পারে ভয়াবহ সৌরঝড়। কোথাও আবার পৃথিবীর সমাপ্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে মহাজাগতিক বিপর্যয়কে।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

১৩ নভেম্বর কি সত্যিই শেষ হয়ে যাবে পৃথিবী? ৬৬ বছর আগে একদল বিজ্ঞানী হিসাব করে জানিয়েছিলেন, ২০২৬ সালের এই দিনে পৃথিবীর জনসংখ্যা পৌঁছে যাবে অসীমে! নিজেদের চাপেই ধ্বংস হবে মানবজাতি! এবার পুরোনো এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু দাবি। কোথাও বলা হচ্ছে, ওই দিন ঘটতে পারে ভয়াবহ সৌরঝড়। কোথাও আবার পৃথিবীর সমাপ্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে মহাজাগতিক বিপর্যয়কে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি আরব গণমাধ্যমেও নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। কিন্তু এসব দাবির পেছনে বিজ্ঞান কী বলছে? সত্যিই কি ১৩ নভেম্বর পৃথিবীর জন্য মহাপ্রলয়ের দিন?

যে হিসাব থেকে ১৩ নভেম্বর

গল্পের শুরু ১৯৬০ সালের ৪ নভেম্বর। ওই দিন বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয় হেইঞ্জ ফন ফর্স্টার, প্যাট্রিসিয়া এম মোর ও লরেন্স ডব্লিউ অ্যামিওটের একটি গবেষণাপত্র। শিরোনাম ছিল, ‘ডুমসডে: ফ্রাইডে, থার্টিন নভেম্বর, ২০২৬’।

গবেষকেরা খ্রিষ্টীয় যুগের শুরু থেকে ১৯৫৮ সাল পর্যন্ত বিশ্বের জনসংখ্যার ২৪টি ঐতিহাসিক হিসাব বিশ্লেষণ করেন। তারা দেখেন, মানুষের সংখ্যা শুধু বাড়ছে না, বরং বৃদ্ধির গতিও ক্রমে বাড়ছে।

তাদের যুক্তি ছিল, মানুষ অন্য প্রাণীর মতো নয়। যোগাযোগ, সহযোগিতা ও সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা দিয়ে মানুষ নতুন সমস্যার সমাধান করতে পারে। জনসংখ্যা বাড়লে সহযোগিতার সুযোগও বাড়ে। ফলে জনসংখ্যা বৃদ্ধির গতিও আরও দ্রুত হতে পারে।

এই ধারণার ভিত্তিতে তারা তৈরি করেন হাইপারবলিক গ্রোথের গাণিতিক মডেল। অতীতের প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে ধরে নিয়ে হিসাব করলে সমীকরণটি একটি সিঙ্গুলারিটি বা গাণিতিক সীমাবিন্দুতে পৌঁছায়। গবেষণাপত্রে সেই সময়ের তারিখ দেওয়া হয় ১৩ নভেম্বর ২০২৬।

অসীম জনসংখ্যার অর্থ কী?

তাহলে গবেষকেরা কি সত্যিই বলেছিলেন, ১৩ নভেম্বর মানবজাতি বিলুপ্ত হবে? না। এখানে ‘অসীম জনসংখ্যা’ বলতে বাস্তবে পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস বোঝানো হয়নি। এটি ছিল একটি গাণিতিক মডেলের কাল্পনিক ফলাফল। গবেষকেরা কোনো গ্রহাণুর আঘাত, সূর্যের বিস্ফোরণ কিংবা ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হওয়ার ভবিষ্যদ্বাণী করেননি।

তাদের আশঙ্কা ছিল, জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে একসময় মানুষ নিজেরাই নিজেদের জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি করবে। গবেষণাপত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘স্কুইজড টু ডেথ’— অর্থাৎ চাপে পিষ্ট হওয়ার আশঙ্কার কথাও উঠে আসে।

গবেষণাটি প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। টাইম ও দ্য নিউইয়র্ক টাইমস-এর মতো সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। গণিতবিদ ও জনসংখ্যাবিদদের অনেকে এর সমালোচনা করেন। তবে কয়েক দশক ধরে গবেষণাটির হিসাব বাস্তব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বেশ ভালোভাবেই মিলেছিল।

ওয়াতানির পুরোনো শিরোনাম

এবার আলোচনায় এসেছে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর প্রকাশিত মিশরীয় সংবাদপত্র ওয়াতানি-র একটি পুরোনো কাটিং। মিশেল তাকলা নামে এক লেখকের ওই নিবন্ধের শিরোনামেও ১৩ নভেম্বর ২০২৬-এ পৃথিবীর সমাপ্তির কথা ছিল।

সাম্প্রতিক আরবি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকলার লেখায় মূলত জনসংখ্যা বৃদ্ধির কারণে ভবিষ্যতে মানুষের জীবন ও সম্পদের ওপর চাপ তৈরির আশঙ্কা আলোচিত হয়েছিল। অর্থাৎ, এটি ১৯৬০ সালের গবেষণার বিষয়টিকেই সংবাদপত্রের ভাষায় সামনে এনেছিল।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমে এই বক্তব্যের ভিন্ন বর্ণনা পাওয়া গেছে। কোথাও জনসংখ্যা বৃদ্ধির কথা, কোথাও আবার সৌর কার্যকলাপ ও প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ এসেছে।

কেন মেলেনি পুরোনো হিসাব

তাহলে ১৯৬০ সালের হিসাব ভুল হলো কেন? এর অন্যতম কারণ, গবেষকেরা অতীতের প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও একই থাকবে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু ১৯৯৩ সালের দিকে বাস্তব জনসংখ্যা তাদের পূর্বাভাস থেকে পিছিয়ে পড়তে শুরু করে। বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির গতিও কমেছে।

বিশ্বব্যাংকের উপাত্ত অনুযায়ী, ১৯৬০ সালে বিশ্বের মোট প্রজনন হার ছিল নারীপ্রতি ৪ দশমিক ৭ সন্তান। ২০২৪ সালে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ২ দশমিক ২-এ।

অন্যদিকে, জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৮২০ কোটি। ২০৮০-এর দশকের মাঝামাঝি সময়ে তা প্রায় ১ হাজার ৩০ কোটিতে পৌঁছাতে পারে। এরপর কমে ২১০০ সালে দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ২০ কোটিতে।

এর মানে এই শতাব্দীতে জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে অসীমে পৌঁছানো নয়।

আতঙ্কের কারণ নেই

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ নভেম্বরের সঙ্গে সৌরঝড় ও মহাজাগতিক বিপর্যয়ের কথাও ছড়াচ্ছে। কিন্তু এসব দাবির সঙ্গে ১৯৬০ সালের গবেষণার কোনো সম্পর্ক নেই।

নাসা ও মার্কিন মহাকাশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, সূর্যের কার্যকলাপ একটি নিয়মিত চক্রের মধ্য দিয়ে পরিবর্তিত হয়। শক্তিশালী সৌরঝড় উপগ্রহ, যোগাযোগ ও বিদ্যুৎব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু নির্দিষ্ট ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে, এমন কোনো বৈজ্ঞানিক পূর্বাভাস নেই।

এখন প্রশ্ন আসাই স্বাভাবিক, তাহলে ৬৬ বছর আগের গবেষণার মানে কী?

বিজ্ঞানীরা ভবিষ্যৎ বুঝতে গাণিতিক মডেল তৈরি করেন। কিন্তু মানুষের আচরণ, প্রযুক্তি, সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিস্থিতি বদলে গেলে সেই হিসাবও বদলে যায়।

মজার বিষয়, গবেষকদের একজন হেইঞ্জ ফন ফর্স্টার জীবনের একপর্যায়ে মঞ্চের জাদুকরও ছিলেন। তার গবেষণাটিও যেন এক ধরনের বৈজ্ঞানিক মঞ্চকৌশল—চমকপ্রদ শিরোনাম, অবিশ্বাস্য হিসাব এবং শেষে বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ।

তাই ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবী ধ্বংসের দিন নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ সম্পর্কে বিজ্ঞানসম্মত হিসাবও নির্ভর করে সময়ের সঙ্গে বদলে যাওয়া বাস্তবতার ওপর।

 

ভাবুন, অনলাইনে সন্তানের জন্য একটি সুন্দর পোশাক কিনলেন। ছবিতে যেমন দেখেছিলেন, হাতে পাওয়ার পরও অনেকটা তেমনই। কিন্তু একবার ধোয়ার পরই উঠে গেল রং! আরেকবার পরার উপায় নেই। পুরো টাকাটাই যেন জলে গেল।
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
ভাবুন তো, একটি কোম্পানি এআই ব্যবহার করে এক হাজার কর্মীর কাজ কয়েক শ মানুষ দিয়ে করাতে পারছে। কোম্পানির খরচ কমছে। উৎপাদনশীলতা বাড়ছে। লাভও বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো– বাকি কর্মীদের কী হবে? আর যদি...
সরকারি দপ্তরে কোনো কাজের জন্য গেছেন, আর ঘুষের দাবি শোনেননি—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোন দপ্তরে ঘুষের রাজত্ব বেশি? এগুলোর হিসাবই বা রাখছে কে? চুপ থাকার দিন কিন্তু শেষ। কারণ বাজারে এসেছে এমন এক...
বরগুনায় রাজনৈতিক মামলায় যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এর মধ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজারে বাস উল্টে ৩ জন ও ট্রাক চাপায় একজন নিহত হন। এছাড়া আলাদা দুর্ঘটনায়...
পাচারের টাকায় ককটেল ফাটিয়ে শেখ হাসিনা দেশে ফেরার আস্ফালন দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর