ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহলে মাওলানা আব্দুল হাদির ছেলে গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে কাঠের জানালা ও গ্রিল ভেঙে ঘরের ভেতরে ঢোকে চোর। এ সময় নগদ টাকা, সোনার গহনা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হলে তাঁর স্বজনেরা চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীতে যান। এ ঘটনার পর পরিবারের সদস্যরা সব ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, এই সুযোগকেই কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটায় চোরচক্র।
প্রতিবেশীরা জানান, সকালে কাঠের জানালার কাঠ ও গ্রিল ভাঙা অবস্থায় এবং ঘরের ভেতর এলোমেলো জিনিসপত্র দেখে চুরির বিষয়টি জানা যায়। পরে তারা নলছিটি থানা পুলিশকে খবর দেয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে কেউ না থাকায় ঠিক কত পরিমাণ মালপত্র চুরি হয়েছে, তা বিস্তারিতভাবে এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। কানের বাম পাশে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলি লাগার পর হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে গতকাল রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে।
এ ঘটনার পর থেকে সারা দেশে বিক্ষোভ করেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী ও হাদির সমর্থকেরা।


নিজেই শ্বাস নিতে পারছেন হাদী, দাবি ফাহিম ফারুকীর
রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে দুজন
