আধিপত্যা বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে আবদুর রহিম (৫৫) ও রিপন হোসেন (২২) নামে দুই পথচারী গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিনজন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের আফজাল সড়কে দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে এ গোলাগুলি হয়।
গুলিবিদ্ধ আবদুর রহিম ও আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে সামান্য গুলিবিদ্ধ রিপন হোসেনকে চিকিৎসা দেওয়া হয়েছে চন্দ্রগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাতে কিশোর গ্যাং সন্ত্রাসী মিতুলের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের একজনকে মারধর করে। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আবদুর রহিম, রিপন হোসেন গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম আহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য গুলিবিদ্ধ রিপন হোসেনকে চন্দ্রগঞ্জে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালাম সৌরভ বলেন, ‘দুজনকে সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আবদুর রহিম পায়ে গুলিবিদ্ধ হয়। অন্য সাইফুল ইসলাম আহত হয়েছে। গুলিবিদ্ধ আবদুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী পাঠানো হয়।’
চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. কাউছার গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’



