চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।
বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলেন যুবক আলাউদ্দিন। এতে শিক্ষার্থী ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে।
ওই শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বখাটে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং রোধে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।



