অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞাসহ সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটকদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


