ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমানের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল থেকে বোয়ালমারী উপজেলার সহস্রাইলে আসেন মাশরাফি। সেখানে গণসংযোগ করেন তিনি। এরপর পথসভায় বক্তব্য রাখেন।
মাশরাফি উপস্থিত সকলের কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। এসময় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাশরাফি বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আব্দুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’
পথসভা শেষ করে তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম আওয়ামী লীগের জনসভায় যোগদান। সেখানেও তিনি বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়াও তিনি নিজের জন্য দোয়া কামনা করে। নির্বাচনি এই প্রচারে নৌকা সমর্থিত নেতাকর্মীসহ প্রচুর মাশরাফি ভক্ত উপস্থিত ছিলেন।
ওই সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, দলমতনির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় করতে হবে।



