শরীয়তপুরের ডামুড্যায় গমখেতে বিষ প্রয়োগ করায় ১২টি পাখির মৃত্যু হয়েছে। ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনারপাড় এলাকায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমির মালিক শাজাহান মাদবরকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির ঘুঘু ও শালিক পাখির মৃত্যু হয়। এ সময় কিছু পাখি জমিতে রশি দিয়ে টাঙিয়ে রাখতে দেখা যায়। পরে পাখির মৃত্যুর বিষয়টি চারদিকে জানাজানি হলে ওই কৃষক পাখিগুলো মাটিতে পুঁতে রাখেন।
এ ব্যাপারে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৬ (১) (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে ২৬ অনুচ্ছেদ অনুসারে এই জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ আর করবে না– এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে।’



