অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য ও টয়লেট ক্লিনার উৎপাদন করায় রাজধানীর বাড্ডায় একটি কারখানা সিলগালা করেছে বিএসটিআই। মঙ্গলবার পূর্ব বাড্ডার আলিফ নগরে আবিদ কনজ্যুমার অ্যান্ড ফুড প্রোডাক্টসের কারখানাতে এই অভিযান চালানো হয়।
এ সময় কারখানাটি থেকে নকল ট্যাং, মটর ভাজা, চানাচুর, ডিটারজেন্ট ও হারপিক জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, খাদ্যপণ্যগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল। রমজান ঘিরে নকল পণ্যের কারখানাটি চালু করা হয়েছে বলেও মনে করছেন তারা।
বিএসটিআইয়ের ডেপুটি ডিরেক্টর রেজাউল হক বলেন, ‘যেহতু রমজানের সঙ্গে এই খাদ্যপণ্যগুলোর একটি সম্পর্ক আছে বিধায় এরা এগুলো উৎপাদন করছে। সনাক্ত হওয়ার সাথে সাথে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি।’
সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, ‘বাজারে অন্যান্য যে সব জনপ্রিয় ব্র্যান্ড আছে সেগুলোকে নকল করে তারা এই মোড়কগুলোকে ডিজাইন করেছে সেটাও বিএসটিআইয়ের আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এবং অনুমোদন ছাড়া।’



