কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের চাপায় ব্যাটারিচালিত রিকশায় থাকা হৃদয় মিয়া (২৫) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জেলার কটিয়াটি উপজেলা পার হওয়ার সময় তিনি মারা যান।
এর আগে দুপুরের দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার আশনপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় মিয়া করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরের দিকে ব্যাটারিচালিত রিকশায় করে উপজেলার আশনপুর ব্রিজ এলাকায় ঘুরতে গিয়েছিলেন হৃদয়। পথে রিকশাটিকে পেছন থেকে আসা একটি পিকআপ চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন হৃদয় মিয়া।
স্থানীয়রা তাঁকে দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।



