মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হেনস্তা করার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে ঘিওর থানার এএসআই রফিকুল ইসলাম ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।
আসামিরা সবাই মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারি।
মামলার আসামিরা হলো– ঘিওর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর কাওসার, বিএনপি নেতা খন্দকার বিল্টু, খন্দকার সেলিম জিএস, উজ্জল হোসেন, হারেজ মিয়া, রফিকুল্ ইসলাম পিন্টু, রাজু খন্দকার, শহিদুল ইসলাম চান্দু ও শফিউল আলম বিল্টু। তারা সবাই জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ঘটনার বর্ণনায় নাম থাকলেও আসামি করা হয়নি খন্দকার আকবর হোসেন বাবলুকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আকবর হোসেন বাবলু একটি মাইক্রোবাসহ ১০ থেকে ১২টি মোটরসাইকেলের বহর নিয়ে ঘিওর থানার ভেতরে প্রবেশ করেন।
নেতাকর্মীরা যানবাহনগুলো থানার ভেতের রাখতে চাইলে দায়িত্বরত নারী কনস্টেবল আন্না আক্তার প্রথমে তাদের বাঁধা দেন। নেতাকর্মীরা তার সঙ্গে খারাপ আচরণ করলে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলামকে জানান ওই নারী কনস্টেবল। ডিউটি অফিসার বহর নিয়ে তাদের থানায় ঢোকার কারণ জানতে চাইলে আসামিরা তাকেসহ নারী কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তাদের গালাগাল করতে নিষেধ করলে এএসআই রফিকুলকে কিল-ঘুষি মারেন আসামিরা।
খবর পেয়ে থানার পেছনে ঘিওর কলেজ মাঠে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসলে আসামিরা হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এএসআই রফিকুল ইসলাম বলেন, ‘মারধর ও হুমকির বিষয়ে থানায় মামলা করেছি এবং বিষয়টি থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে একজন পুলিশের গায়ে হাত তোলার বিষয়টি কষ্টকর ও লজ্জাজনক।’
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘আমার সামনে আওয়ামী লীগের দোসর পুলিশ, নেতাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। পুলিশ আওয়ামী লীগের দোসর বলে-ই তো আমাদের থানায় ঢুকতে বাঁধা দিয়েছে। তাদের কোনো গালাগাল অথবা গায়ে হাত দেওয়ার ঘটনা হয়নি। পুলিশই বিএনপি নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৩০ জনের নামে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে।’


