গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘শরিফ ওসমান হাদির মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।’
এর আগে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদির সহকর্মী মিসবা জানান, রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত হাদিকে গুলি করে পালিয়ে যায়।



