নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. আমির (২৫) নামের দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট দুইজন মারা গেলেন।
আজ শনিবার সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমিরের মৃত্যু হয়। এর আগে কত বৃহস্পতিবার শঙ্কর নামে একজন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমির শরীরে ৮০ শতাংশ দগ্ধ নিয়ে আজ সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ড. শাওন বিন রহমান জানান, এর আগে গত বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শংকর শরীরে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় আজ সকালের দিকে ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আমির। দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে ছুটি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় ৪ জনের জাতীয় বার্নে চিকিৎসা চলছে।
গত বুধবার দুপুরে সোনারগাঁওয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দুপুরে খাবারের সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ১২ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।


নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু 
