রাজধানীর বনানীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রফিক (৩৫)। নিহত রফিক ময়মনসিংহ সদর এলাকার নুরু আলমের ছেলে।
আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসে থাকা দুজন যাত্রী আহত হয়েছেন। তাদেরও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, আজ সকালের দিকে আমতলী এলাকা থেকে ১০০ গজ দূরে ‘ভাটিকা’ নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাদের মধ্যে বাসের হেলপার রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন আহত যাত্রী মো. রনি বয়স (২৫)ও মো. ফিরোজ (৪০) জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করেছি।



