মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা ছিলেন।



