ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। এর আগে তাকে প্রশাসনিক কারণে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।



