ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুরে গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই স্বর্ণ ব্যবসায়ী হলেন– অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।
আহত অন্তর জানান, তিনি ও তার মামাতো ভাই রাজীব অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাদের অটোরিকশার গতিরোধ করে।
তিনি জানান, তাদের লক্ষ্য করে গুলি করে ও ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের কাছে থাকা ২৫ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত দুই স্বর্ণ ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত নিয়ে ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে গুলি এবং ককটেল লেগে দুজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



