কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নড়াইলের বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩০)। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা উত্তরবঙ্গ থেকে ঘোড়া কিনে নড়াইল যাচ্ছিলেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় পিকআপে থাকা ৫টি ঘোড়ার মধ্যে ৩টি ঘোড়ার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ জানান, খুব সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঘোড়াবাহী একটি দ্রুতগামী পিকআপ ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ঘোড়ার ৫ ব্যবসায়ী গুরুতর আহত হন।
ওসি জানান, আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকাশ এবং সাফায়েতকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপে থাকা ৫টি ঘোড়ার মধ্যে ৩ টি ঘোড়ার মৃত্যু হয়।



