রপ্তানি সহায়তা তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং তৈরি পোশাক খাতসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও প্রবৃদ্ধি ধরে রাখার প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে তহবিলটির মেয়াদ বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তা প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল সংগ্রহ করে গ্রাহকদের কাছে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে।
রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের প্রস্তুতিমূলক খরচ মেটাতে ব্যবসায়ীরা এই প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা নিতে পারবেন।


