জ্বালানি তেলের দাম বাড়বে কি না, তা ইরান–আমেরিকা যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দাম আসলে বাড়বে কি না, তা নিশ্চিত নয়। আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ট্রাম্প বলছেন, ভালোর দিকেও যেতে পারে। এখন যেটা হচ্ছে, আমেরিকা ইরানের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো ব্লক করে দিচ্ছে। এটা যদি লম্বা সময় চলে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন।’
জাহেদ উর রহমান বলেন, ‘আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না। যদি এটি (যুদ্ধ) অব্যাহত থাকে, তবে দামের কিছু সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) প্রয়োজন হতে পারে। তার মানে এটি হবেই—এমন নয়। যদি ইরান–আমেরিকার মধ্যে আলোচনা হয়ে যায়, যদি একটি চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে।’
জ্বালানি সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একই যানবাহন বারবার তেল সংগ্রহ করছে বা প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি তেল কিনছে। এতে স্বাভাবিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে।’
পেট্রোল পাম্পে সরবরাহ কমানো হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘অতিরিক্ত চাহিদার কারণে দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে। শিগগিরই পাম্পভিত্তিক সরবরাহের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে।’


