মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মাঝে এবার চট্টগ্রাম বন্দরে আসা কয়েকটি জাহাজ থেকে খালাস করা হচ্ছে প্রায় ১ লাখ টন জ্বালানি তেল। আজ মঙ্গলবার আমদানি করা এই জ্বালানি তেল খালাসের কাজ শুরু হয়।
কয়েকদিন ধরে সাগরে ভেসে থাকার পর ক্যাপ বন্নি নামের একটি জাহাজে করে আসা ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল খালাস করা হয় মেঘনা ডিপোতে। আজ দুপুরে মালয়েশিয়া থেকে আসা সেন্ট্রাল স্টার নামের আরেকটি জাহাজ থেকে মেঘনা ডিপোতে খালাস শুরু হয় ২৭ হাজার টন অকটেন।
এছাড়া, আরেকটি জাহাজ থেকে খালাস করা হয় ৩৫ হাজার ৩৪৫ টন ডিজেল। দেশের বিভিন্ন প্রান্তে এসব জ্বালানি তেল সরবরাহ শুরু হলে জ্বালানি সংকট মোকাবিলা করা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আজই জ্বালানি বিভাগ জানিয়েছে, সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। জাহাজটি মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামের গভীর সমুদ্রে পৌঁছাবে।



