বিদ্যুৎ সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের সব বাজার ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এ সময় দোকান মালিকরা বলেন, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা থাকলেও সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তারা বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাজার ও বিপণিবিতানে সৌর প্যানেল স্থাপনে স্বল্পসুদে ঋণ ও সরকারি সহায়তা জরুরি। একইসঙ্গে মানসম্মত সৌর প্যানেল নিশ্চিত করতে নিয়মিত সার্ভিসিং ও নিয়ন্ত্রক বোর্ড গঠন দরকার।
আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি।



