এবারের এইচএসসি পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক থাকতে হবে। প্রতি কক্ষে দায়িত্ব পালন করবেন ২ জন পরিদর্শক। পরীক্ষার সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৫ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বোর্ড।
এবারের সব বোর্ডে পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে। সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে এবং ক্যামেরার মডেল, ডিভাইস সিরিয়াল নম্বর, পাসওয়ার্ড এবং আইডি পাঠাতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে। পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনের কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। এ রকম কয়েক দফা নির্দেশনা দিয়েছে বোর্ড।
আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি থাকবে। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’
আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. সালাহউদ্দিন বলেন, ‘অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া ইতিবাচক। কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে কীভাবে পরীক্ষা নেওয়া হবে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে।’
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করতে হবে। কেন্দ্রের সামনে অভিভাবকরা যেন ভিড় না করেন, সেই নির্দেশনাও দিয়েছে শিক্ষাবোর্ড।



