দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রতিযোগিতার ছয়টি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, ‘নতুন এআই গবেষণা ল্যাবটি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে জানার, গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরির এবং শিল্পখাতের জন্য প্রয়োজনীয় সমাধান উদ্ভাবনের সুযোগ পাবে।’
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তন আনছে। এটি শুধু একটি প্রযুক্তি নয়, ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি।’
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় এআই নীতি প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনে সহায়তা এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
ড. মো. সবুর খান বলেন, ‘আমরা শুধু একটি এআই-এনাবল্ড বিশ্ববিদ্যালয় নয়, একটি এআই-নেটিভ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। যেখানে এআই কেবল প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হবে না, বরং বাস্তব সমস্যার সমাধানে নিজস্ব উদ্ভাবন তৈরির মাধ্যম হবে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশা, নবপ্রতিষ্ঠিত এআই গবেষণা ল্যাব শিক্ষাঙ্গন, শিল্পখাত ও সরকারের মধ্যে সহযোগিতা বাড়াবে এবং দেশে উদ্ভাবননির্ভর এআই ইকোসিস্টেম গড়ে তুলতে ভূমিকা রাখবে।



