আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবার কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। সম্প্রতি নির্মাতা নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন। চলচ্চিত্রটি উৎসবের ৫০তম আসরের ‘শর্টকাট কম্পিটিশন’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে।
কানাডার টরন্টোতে এই উৎসবের আসর আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণের জন্য আলী সিনেমার টিম আগামী ৫ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।
আদনান আল রাজীব বলেন, ‘উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য ভীষণ আনন্দের। ছবিটিকে সাদরে গ্রহণ করার জন্য উৎসবের সিলেকশন কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
আলী চলচ্চিত্রের গল্পটি উপকূলীয় একটি শহরের পটভূমিতে নির্মিত হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নোয়াখালীর অভিনেতা আল আমিন এবং তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী সোমাকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। আদনান আল রাজীবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’ এটি নির্মাণ করেছে, যা তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর একটি যৌথ উদ্যোগ।
এর আগে আলী কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিশেষ স্বীকৃতি’ অর্জন করে এবং ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছিল।


সাইবার ক্রাইমে অপূর্বর অভিযোগ
