আগামী ১৯ এপ্রিল হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন। সে অনুযায়ী এখন প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিল্পীদের এ নির্বাচনের প্রধান কমিশনার খোরশেদ আলম খসরু।
তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘২০২২ সালের ২৮ জানুয়ারি সবশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিতদের মেয়াদ চলতি জানুয়ারিতে শেষ হয়। আমাদের নীতিমালা অনুযায়ী মেয়াদ পূরণের ৩ মাসের মধ্যে পরবর্তী নির্বাচন হতে হবে। সে অনুযায়ী ১৯ এপ্রিল ভোটের সম্ভাব্য দিনক্ষণ ধরা হয়েছে।’
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন।
এদিকে প্যানেল নিয়ে নানা তথ্য ভেসে আসছে। অনেকের মতে, অনেক আগেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে নিপুণও তাঁর মতো করে প্যানেল সাজাতে আগ্রহী। তবে এবার জায়েদ খান নির্বাচন করবেন না বলে অনেকটাই নিশ্চিত।
এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ও আপিল বিভাগের কমিটির ঘোষণাও দেওয়া হয়। এতে জানানো হয়, নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডের বাকি দুই সদস্য হলেন—এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে থাকছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মজনু ও নির্মাতা সেলিম আজম।


আমাজনের ‘পোচার’-এ নির্বাহী প্রযোজক আলিয়া
