বাংলা সিনেমার বরপুত্র সালমান শাহ’র মৃত্যুর বিচার দাবিতে আজ (১ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকায় জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। শনিবার বেলা আড়াইটার দিকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তদের মুখে মুখে ধ্বনিত হয় স্লোগান— ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’। তাদের একটাই দাবি— প্রিয় নায়কের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তার।
বক্তারা অভিযোগ করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের ভাষায়, ‘সালমান শাহ জীবিত অবস্থায় তিনবার হামলার শিকার হয়েছিলেন। নিজেই সংবাদ সম্মেলন করে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া, কিন্তু এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে প্রমাণের চেষ্টা চলছে।’
তারা আরও প্রশ্ন তোলেন, ‘যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন পালিয়ে গেলেন কেন?’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনে নামবেন তারা।
ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে। তিন দশক পরও আমরা আশাবাদী। এবার সালমান শাহ হত্যার বিচার হবে। অনুরোধ করছি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। দীর্ঘ প্রায় তিন দশক পরও তার মৃত্যুর রহস্যের জট খুলেনি। সম্প্রতি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


‘ঐদিন অনেকেই ছবি তুলেছে সেগুলো দেখলেইতো বোঝা যাবে’
