থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। থাইল্যান্ডের শিডিউলেও তারা অংশ নিয়েছেন।
এদিকে সিনেমাটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, ‘সোলজার’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা এবিএম সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সাকিব ফাহাদ। তার ভাষ্য, গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যাবে সুমনকে, যা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন এবিএম সুমন। এসব দৃশ্যে শিল্পীদের লুক আরও নিখুঁত ও আন্তর্জাতিক মানের করতে মুম্বাই থেকে আনা হয়েছে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে।
তবে নিজের চরিত্র নিয়ে বিস্তারিত বলতে নারাজ সুমন। তিনি বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি ইন্টারেস্টিং। ক্যামিও চরিত্র। এর বাইরে কিছু বলার অনুমতি নেই। শুধু বলছি, সোলজারে আমি আছি।’
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন এবিএম সুমন। পরে তাকে দেখা গেছে ‘এম আর নাইন’ এবং দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায়। এবার তিনি যুক্ত হলেন ‘সোলজার’-এর সঙ্গে।
গত বছরের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। সে সময় একটি মোশন ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হয়। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের আভাস দেওয়া হয়।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ। শুরুতে চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। অক্টোবর ও ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রাখা হচ্ছে।


সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
