ঢাকার একটি কাল্পনিক মহল্লার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘খুপরি’। সৈয়দ রিশাদ পরিচালিত এ সিরিজের চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ। নির্মাতা জানান, সিরিজটি নির্মিত হচ্ছে অপরাধ, রহস্য, প্রতিশোধ ও প্রেমের গল্পে, যা তিন সিজনে মুক্তি পাবে।
খুপরি’র কেন্দ্রে থাকছে দুই গলি—চাপানি ও তকমা। এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। চাপানি গলির নেতৃত্বে আছেন জসিম ঢালী, আর তকমা গলির প্রভাবশালী চরিত্র কোহিনুর। পুরনো এক প্রতিশোধের সূত্র ধরে তাদের দ্বন্দ্ব, কিন্তু মাদকব্যবসা, চোরাচালান, অনলাইন প্রতারণা ও খুনকে কেন্দ্র করে তা ক্রমশ বাড়তে থাকে।
সিরিজের গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে খুপরি নামের একটি কফিশপ। স্থানীয়দের নিয়মিত আড্ডার এই জায়গা ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা। তদন্ত করতে গিয়ে একের পর এক অপরাধের সূত্র এই কফিশপের সঙ্গে যুক্ত হতে থাকে।
এলাকার অপরাধের রহস্য অনুসন্ধানে এগিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তা জাহানারা। তথ্য সংগ্রহ ও পরিকল্পিত তদন্তের মাধ্যমে তিনি অপরাধচক্রের পর্দা উন্মোচনের চেষ্টা করেন। তবে এই এলাকার প্রতি জাহানারার আলাদা আগ্রহের নেপথ্যে কী রয়েছে, সেটিও গল্পে তৈরি করবে কৌতূহল।

সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন কচি খন্দকার। তিনি বলেন, ‘ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করেছি, এবারই প্রথম এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। নির্মাতা থেকে যখন এই চরিত্রে আমাকে প্রস্তাব দেওয়া হয়, আমি কিছুটা সময় নিয়েছি, ভেবেছি। আশা করি, এটি মুক্তি পেলে দর্শকরা হতাশ হবেন না।’
নির্মাতা সৈয়দ রিশাদ জানান, সিরিজটি ৩টি সিজনে সাজানো হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয়টি ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’। প্রথম সিজনের ৭ পর্বের দৃশ্যধারণ ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি মাসে দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের শুটিং শেষ হলেও পরবর্তী ধাপের কাজের প্রস্তুতি চলছে।
ব্রেইনবাস্কেটের সহযোগিতায় সিরিজটির প্রযোজনায় যুক্ত রয়েছেন মোহাম্মাদ রাসেল খান। তিনি বলেন, ‘থ্রিলিং গল্প, টানটান উত্তেজনা ও সাহসী চরিত্রায়নের মাধ্যমে দর্শকরা খুপরিতে নতুন কিছু দেখবেন। পরিচিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এ সিরিজে।’
অভিনেতা-নির্মাতা কচি খন্দকার ছাড়াও খুপরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইনসহ অনেকে।


‘সামিরা, ডন কিংবা শাবনূরের সম্মান কি ফিরিয়ে দিতে পারব’, প্রশ্ন রাখলেন জয়
