জ্যৈষ্ঠ মাস শেষ হলেও চারিদিক মম করছে বিভিন্ন রসালো ফলের সমাগমে। আম, কাঁঠাল, লিচু, জাম, ড্রাগনসহ নানা রকমের ফলের প্রাচুর্য এখন বাজারে। আর এ সকল মৌসুমি ফলের রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই সকল ফল যত্রতত্র খাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনেক রকম ভীতি দেখা দেয়। আর এই ভীতির অন্যতম নাম হচ্ছে ফরমালিন আতঙ্ক।
ফরমালিন যেহেতু একটা আতঙ্ক, তাই ফরমালিন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা খুব জরুরি। ফরমালডিহাইড বা মিথান্যাল এক ধরনের রাসায়নিক যৌগ। ফরমালডিহাইড বা মিথান্যালের ৪০ শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটি বর্ণহীন ও দুর্গন্ধযুক্ত গ্যাস, যা আগুনে জ্বলে ও বিষাক্ত পদার্থবিশেষ। বাণিজ্যিক উদ্দেশ্যে ফরমালডিহাইড পানিতে দ্রবীভূত অবস্থায় ফরমালিন নামে পাওয়া যায় এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বা সংক্রামক ব্যাধিনাশক হিসেবে মানুষের লাশসহ মৃত প্রাণীর দেহের পচনরোধে ব্যবহার করা হয়। এক কথায়, এটি মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ।
ফরমালিন মেশানো খাবার খেলে চোখ, কিডনি, পাকস্থলী, যকৃতসহ মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হতে পারে। খাদ্যে ফরমালিন থাকার কারণে গর্ভবতী মা ঝুঁকিতে পড়তে পারেন। তাঁর শিশুটি হতে পারে শারীরিক প্রতিবন্ধী। আবার ভূমিষ্ঠ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তা ছাড়া ফরমালিনযুক্ত খাবার খেলে মানুষ মরণব্যাধি ক্যানসারেও আক্রান্ত হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, ফল-মূল, শাক-সবজি সংরক্ষণে ফরমালিনের কোনো ভূমিকা নেই। কারণ ফরমালিন কাজ করে প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে। ফল মূল, শাক-সবজি এগুলো হলো কার্বোহাইড্রেট ও ফাইবার জাতীয় খাবার৷ প্রোটিন থাকে না বললেই চলে। এখানে ফরমালিন দেওয়ার কোনো সুযোগই নেই। এখন কেউ যদি না বুঝে দিয়ে থাকে, তাহলেও কোনো কাজে আসবে না বা সংরক্ষণে কোনো ভূমিকা রাখবে না। আমাদের দেশের মানুষের মধ্যে ব্যাপক ধারণা যে, ফল-মূল, শাক-সবজিতে ফরমালিন দেওয়া হয়, এটা দুর্ভাগ্যজনক।
খাবার থেকে ফরমালিন অপসারণের বিভিন্ন তরল মিশ্রণ বাজারে কিনতে পাওয়া যায়। তাছাড়া গবেষণায় দেখা গেছে, ভিনেগার অথবা লেবু পানি দিয়ে খাবারের ফরমালিন অনেকটাই দূর করা সম্ভব। ৫ লিটার পানিতে এক কাপ লেবুর রস বা ভিনেগার মেশানোর পর সেই পানিতে ফলমূল বা শাকসবজি ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এতে করে শতকরা ১০০ ভাগই খাবারের ফরমালিন দূর হয় বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।
অথবা ৫ লিটার পানিতে ১ টেবিল চামচ লবণের মিশ্রণে শাক সবজি ও ফলমূলের ফরমালিন দূর করা যায় শতকরা ৬১ ভাগ। মাছ ও মাংসের ফরমালিন দূর করতে এইসব মিশ্রণের যেকোনো একটিতে ডুবিয়ে রাখুন টানা এক ঘণ্টা, এতে খাবারের শতকরা ৯০ ভাগ ফরমালিনই দূর করা যাবে।
লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি


হাঁসের ডিম, নাকি মুরগির ডিম? বেশি উপকার কোনটায়?
বর্ষায় সর্দিজ্বরে যেভাবে সর্তক থাকবেন
বর্ষায় হতে পারে নানা অসুখ, জেনে নিন প্রতিকারের উপায়
